ইরানের জায়গায় ইতালিকে বিশ্বকাপে সুযোগ দেওয়ার পরিকল্পনা নেই: ফিফা
ছবি: সংগৃহীত
আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে সুযোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে ফিফার এই অবস্থান নিশ্চিত করা হয়।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলি একটি সাক্ষাৎকারে বিতর্কিত প্রস্তাব দেন। তিনি রাজনৈতিক পরিস্থিতির কারণে ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান বলে দাবি করেন।
তবে ফিফা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নতুন সিদ্ধান্তের ইঙ্গিত না দিয়ে তাদের আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছে। সংস্থাটি জানিয়েছে, যোগ্যতা অর্জনকারী দল হিসেবেই ইরান ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে এবং এ সিদ্ধান্তে পরিবর্তনের কোনো সুযোগ নেই।
এদিকে জাম্পোলির এই প্রস্তাবের কড়া সমালোচনা করেছে ইরানি দূতাবাস। এক বিবৃতিতে তারা একে যুক্তরাষ্ট্রের “নৈতিক দেউলিয়াত্ব” হিসেবে উল্লেখ করে বলে, ইতালি ফুটবল ইতিহাসে সব সময় মাঠের পারফরম্যান্স দিয়েই জায়গা করে নিয়েছে, কোনো রাজনৈতিক সুবিধার মাধ্যমে নয়।
ইতালির ক্রীড়া মন্ত্রী আন্দ্রেয়া আবোদি বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, এটি সম্ভব নয় এবং অনুচিত—কারণ বিশ্বকাপে জায়গা করে নিতে হয় মাঠের লড়াইয়েই।
উল্লেখ্য, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করতে ব্যর্থ হয়েছে। গত মাসে বাছাইপর্বের প্লে-অফে বসনিয়া অ্যান্ড হারজেগোভিনার কাছে হেরে তারা বাদ পড়ে।
আরও পড়ুন: বিশ্বকাপে ইরানকে ঘিরে নতুন শর্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। সেখানে ইরান তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের বিপক্ষে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








