News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২১, ২২ ফেব্রুয়ারি ২০২৬

সাকিবের ফেরা নিয়ে আশাবাদী বিসিবি

সাকিবের ফেরা নিয়ে আশাবাদী বিসিবি

ফাইল ছবি

২০২৪ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর থেকে আর লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি তাকে। মামলার জটিলতার কারণে দেশের মাটিতেও ফেরা হয়নি এই অলরাউন্ডারের। একবার দেশে ফেরার চেষ্টা করে দুবাই পর্যন্ত এলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাতে হয় তাকে।

তবে নতুন করে আবারও সাকিবের দেশে ফেরা নিয়ে আলোচনা শুরু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সহ-সভাপতি ফারুক আহমেদ। সেখানেই উঠে আসে সাকিবের ফেরার প্রসঙ্গ।

ফারুক আহমেদ বলেন, সাকিবের বিষয়টি চলমান ছিল। তিনি সভাপতি হওয়ার পর থেকেই চেষ্টা করছেন। সাকিবের ফিটনেস ও পেশাদারিত্ব নিয়ে কোনো সন্দেহ নেই। ক্রিকেট বোর্ড সবসময় চায় তিনি বাংলাদেশের হয়ে খেলুন। তিনি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ ও ব্র্যান্ড। তার ফিটনেস বিবেচনায় নির্বাচন করা বোর্ডের দায়িত্ব, তবে আইনি বিষয়গুলো সরকার দেখছে। খুব দ্রুতই এ বিষয়ে সুখবর পাওয়া যেতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে সম্প্রতি ঘোষিত বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে কোনো ক্রিকেটারকে রাখা হয়নি এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এ প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, আগে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিবরা সব ফরম্যাটে নিয়মিত খেলতেন। বর্তমানে সব ফরম্যাটে অপরিহার্য ও নিয়মিত খেলছেন এমন ক্রিকেটার নেই বললেই চলে। সে কারণেই অপারেশনস কমিটি ‘এ প্লাস’ ক্যাটাগরি না রেখে ‘এ’ গ্রেড দিয়ে চুক্তি শুরু করেছে।

আরও পড়ুন: দ্য হান্ড্রেডের নিলামে ২৩ বাংলাদেশি ক্রিকেটার

সব মিলিয়ে সাকিবের দেশে ফেরা এবং ভবিষ্যতে জাতীয় দলে তার ভূমিকা নিয়ে বিসিবির শীর্ষ পর্যায়ে আশাবাদী মনোভাবই ফুটে উঠেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়