News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩০, ২০ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

রাইজিং স্টার নারী এশিয়া কাপের সেমিফাইনালে একতরফা আধিপত্য দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাংককের ট্রেডথাই ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান ‘এ’ দলকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপার মঞ্চে পা রেখেছেন ফাহিমা খাতুনরা। 

এর আগে প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত ‘এ’। ফলে শিরোপা নির্ধারণী লড়াইয়ে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। মন্থর ও ঘূর্ণন সহায়ক উইকেটে ব্যাট করা সহজ ছিল না। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে লাল-সবুজের প্রতিনিধিরা। দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ; শামীমা সুলতানা ১৩ বলে ১৩ রান করে ফিরেন। অন্য প্রান্তে ইশমা তানজিম ২৩ বলে ১২ ও তিন নম্বরে নেমে শারমিন সুলতানা ২০ বলে ১৫ রান করেন। লতা মণ্ডল (৫), ফারজানা ইয়াসমিন (৬), শরিফা (০), সাদিয়া আক্তার (৮), ফাতেমা জাহান (২) ও সানজিদা আক্তার মেঘলা (১*) প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। ইনিংসের একপ্রান্ত আগলে রেখে ৩২ বলে ৫ চারসহ অপরাজিত ৪০ রান করেন অধিনায়ক ফাহিমা খাতুন। পাকিস্তানের পক্ষে হাফসা খালিদ নেন ২ উইকেট।

১১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। ইনিংসের তৃতীয় ওভারে ইমান নাসেরকে বোল্ড করে প্রথম সাফল্য এনে দেন ফারিহা তৃষ্ণা। পরের ওভারেই শাওয়াল জুলফিকারকে বোল্ড করেন অধিনায়ক ফাহিমা খাতুন। এরপর স্পিন আক্রমণে দৃশ্যপট পুরো বদলে যায়। সানজিদা আক্তার মেঘলার ঘূর্ণিতে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। দলীয় ৩০ রানে অর্ধেক ব্যাটার প্যাভিলিয়নে ফেরেন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬.৪ ওভারে ৫৬ রানে অলআউট হয় পাকিস্তান।

আরও পড়ুন: ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শাওয়াল জুলফিকার। হাফসা খালিদ করেন ১২ এবং ইউসরা আমির যোগ করেন ১১ রান। বাকি ব্যাটারদের কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি, তিনজন রানের খাতাও খুলতে পারেননি।

বাংলাদেশের হয়ে সানজিদা আক্তার মেঘলা ৩.৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে নেন ৩ উইকেট। সমান ৬ রানে ২ উইকেট শিকার করেন ফাহিমা খাতুন। একটি করে উইকেট পান ফারিহা তৃষ্ণা, ফাতেমা জাহান ও ফারজানা ইয়াসমিন। ব্যাট হাতে অপরাজিত ৪০ রান ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন অধিনায়ক ফাহিমা খাতুন।

এর আগে ২০২৩ সালে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার প্রথম আসরেও ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। সেবার শিরোপা জিতেছিল ভারতীয় দল। এবার সেই স্মৃতি পেছনে ফেলে প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ১টায় অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ - ২০ ওভারে ১১০/৮
পাকিস্তান ‘এ’ - ১৬.৪ ওভারে ৫৬ (বাংলাদেশ জয়ী ৫৪ রানে)

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়