News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

নেইমারের দুই গোলে সান্তোসের মৌসুমের প্রথম জয় নিশ্চিত

নেইমারের দুই গোলে সান্তোসের মৌসুমের প্রথম জয় নিশ্চিত

ছবি: সংগৃহীত

সম্প্রতি কঠিন সময় পার করছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার। সমালোচনা, চোট ও নানা গুঞ্জনের মধ্যে দিয়ে দিন কাটছিল। এবার সব সমালোচনা এবং গুঞ্জনের জবাব দিয়েছেন মাঠে।

ব্রাসিলের শীর্ষ লিগ ব্রাসিলেইরো সিরি আ-তে নেইমারের সান্তোস সান্তোস এফসি ভাস্কো দা গামাকে ২-১ গোলে হারিয়েছে। এদিন সান্তোসের জন্য এটি মৌসুমের প্রথম জয়। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা এখন তালিকার ১৩তম স্থানে রয়েছে। ম্যাচে সান্তোসের দুটি গোলই করেছেন নেইমার।

ভিলা বেলমিরোয় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সান্তোস। ২৫ মিনিটে ডান দিক থেকে আক্রমণ গড়ে বক্সের ভেতরে বল পেয়ে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন নেইমার। গোলের পর গ্যালারির দিকে ‘চুপ’ থাকার ইশারা করেন তিনি, সমালোচকদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার মতো।

৪৩ মিনিটে সমতা ফেরায় ভাস্কো দা গামা, মাঝমাঠের ভুল থেকে সুযোগ নিয়ে গোলটি আদায় করে। বিরতির পর কিছুটা চাপে পড়ে সান্তোস। তবে ৬১ মিনিটে আবারও সামনে আসেন নেইমার। বক্সের বাইরে থেকে শুরু করা আক্রমণে সতীর্থের সঙ্গে বল বিনিময় করে ডান পায়ের জোরালো শটে করেন নিজের দ্বিতীয় ও দলের জয়সূচক গোল। শেষ পর্যন্ত এই ব্যবধান ঘোচাতে পারেনি ভাস্কো।

দীর্ঘ চোট ও অস্ত্রোপচারের পর এটি নেইমারের প্রত্যাবর্তনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স। ফেব্রুয়ারির মাঝামাঝি মাঠে ফিরলেও প্রথম দিকে পুরো ম্যাচ খেলার মতো ফিট ছিলেন না। ভেলো ক্লাবের বিপক্ষে একটি বড় জয়ে সহায়তা করলেও পরের ম্যাচে নভোরিজোন্তিনোর কাছে হেরে পাউলিস্তা চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নেয় সান্তোস। সেই হারের পর সমালোচনা আরও জোরালো হয়েছিল।

ম্যাচ শেষে নেইমার ব্রাজিলের ক্রীড়া চ্যানেল স্পোরটিভি-কে বলেন, “গত সপ্তাহে শুনেছিলাম, আমি নাকি সবচেয়ে খারাপ খেলোয়াড়। ফুটবল এমন একদিন আপনি খারাপ, পরের দিনই নায়ক। আমি পরিশ্রম করছি সেরা ছন্দে ফিরতে।”

আরও পড়ুন: নারী বিশ্বকাপের সূচি প্রকাশ

শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, “পুরো ৯০ মিনিট খেলা এখনো চ্যালেঞ্জিং। ম্যাচের শেষ দিকে পেশিতে টান অনুভব করেছি, তবে সেটিকে স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছি।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়