News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩৬, ১৭ এপ্রিল ২০২৬

আনকোরা কিউইদের কাছে ২৬ রানে হারলো বাংলাদেশ

আনকোরা কিউইদের কাছে ২৬ রানে হারলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের মূল দলের প্রায় ১১ জন নিয়মিত সদস্য নেই এই সফরে। একাদশের ৯ জন খেলোয়াড়েরই ২০টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা নেই। এমন এক ‘আনকোরা’ নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ঘরের মাঠে ফেবারিট হিসেবেই সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু মাঠের লড়াইয়ের চিত্রনাট্য হলো সম্পূর্ণ ভিন্ন। ব্যাটারদের চরম ব্যর্থতায় জয়ের নাগালে থেকেও শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবিয়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। 

শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তুলনামূলক অনভিজ্ঞ নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ২৬ রানের হতাশাজনক হার দিয়ে সফর শুরু করেছে বাংলাদেশ। ম্যাচে ২৪৮ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮.৩ ওভারে ২২১ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা, ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কিউইরা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করে। শুরুতে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে থাকলেও মিডল অর্ডারে হেনরি নিকোলসের দায়িত্বশীল ৮৩ বলে ৬৮ রানের ইনিংস দলকে ভিত দেয়। উইল ইয়াং ৩০ ও অধিনায়ক টম ল্যাথাম ১৪ রান করে ফিরলেও শেষ দিকে ডিন ফক্সক্রফট ৫৮ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলে স্কোরকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পর্যায়ে নিয়ে যান।

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ১০ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে শুরুতে চাপ সৃষ্টি করেন। রিশাদ হোসেন ১০ ওভারে ৪৪ রান দিয়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেন, যার মধ্যে নিকোলস ও ইয়াংয়ের উইকেট ছিল উল্লেখযোগ্য। তাসকিন আহমেদও ২ উইকেট নিলেও খরুচে ছিলেন, আর মেহেদি হাসান মিরাজ ও নাহিদ রানা একটি করে উইকেট শিকার করেন। তবে শেষের ওভারগুলোতে বোলিং ও ফিল্ডিংয়ের কিছু ভুলের কারণে কিউইদের সংগ্রহ ২৪৭ পর্যন্ত গড়ায়, যা শেষ পর্যন্ত ম্যাচ নির্ধারণে বড় ভূমিকা রাখে।

২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে নাথান স্মিথের টানা দুই বলে তানজিদ হাসান তামিম (২) ও নাজমুল হোসেন শান্ত (০) আউট হয়ে গেলে ২১ রানে ২ উইকেট হারায় স্বাগতিকরা। সেখান থেকে সাইফ হাসান ও লিটন কুমার দাস তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার ভিত্তি তৈরি করেন। সাইফ ৭৬ বলে ৫৭ রান ও লিটন ৬৮ বলে ৪৬ রান করে আউট হলে আবারও চাপে পড়ে বাংলাদেশ।

আরও পড়ুন: নিয়ন্ত্রিত বোলিংয়ে কিউইদের ২৪৭ রানে থামাল বাংলাদেশ

মিডল অর্ডারে তাওহীদ হৃদয় একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান এবং ৬০ বলে ৫৫ রান করেন। আফিফ হোসেন ৪৯ বলে ২৭ রান করলেও তার মন্থর ইনিংস ম্যাচের গতি ধরে রাখতে পারেনি। অধিনায়ক মিরাজ ৬ রান করে আউট হলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। এক পর্যায়ে শেষ ১০ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৬৭ রান, হাতে ছিল ৬ উইকেট যেখানে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণেই ছিল।

কিন্তু সেট ব্যাটারদের বিদায়ের পর দ্রুত উইকেট পতনে ধসে পড়ে ইনিংস। আফিফ আউট হওয়ার পর ২০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। শেষদিকে লেজের সারির ব্যাটাররা দ্রুত বিদায় নিলে ৯ বল বাকি থাকতেই ২২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের হয়ে ব্লেয়ার টিকনার ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন, পাশাপাশি নাথান স্মিথ নেন ৩ উইকেট। ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ডিন ফক্সক্রফট ম্যাচসেরা নির্বাচিত হন।

উল্লেখযোগ্য বিষয় হলো, নিউজিল্যান্ডের এই একাদশে মাত্র দুইজন খেলোয়াড় ছাড়া বাকিদের কারোরই ২০টির বেশি ওয়ানডে খেলার অভিজ্ঞতা নেই। তুলনামূলকভাবে শক্তিশালী ও অভিজ্ঞ দল হওয়া সত্ত্বেও এমন আনকোরা দলের বিপক্ষে এই হার বাংলাদেশের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে জয়ের অবস্থানে থেকেও ম্যাচ হাতছাড়া করা দলের ব্যাটিং দুর্বলতা ও সিদ্ধান্ত গ্রহণের ঘাটতিকে সামনে নিয়ে এসেছে।

প্রচণ্ড গরম উপেক্ষা করে গ্যালারিতে দর্শকদের উপস্থিতি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিও দলের জন্য প্রেরণা হতে পারত, তবে সেই সমর্থনের প্রতিদান দিতে পারেনি টাইগাররা। এই হারে সিরিজে পিছিয়ে পড়ার পাশাপাশি র‌্যাঙ্কিং পয়েন্ট ও ভবিষ্যৎ টুর্নামেন্টে সরাসরি অংশগ্রহণের সম্ভাবনাতেও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

একই ভেন্যুতে আগামী ২০ এপ্রিল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়