নজরুল আজও জাতীয় ও সামাজিক জীবনে প্রাসঙ্গিক: রিজভী
ছবি: সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজও জাতীয় ও সামাজিক জীবনে সমানভাবে প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২৫ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন।
রিজভী বলেন, বিদ্রোহ, সাম্য ও মানবতার প্রতীক ছিলেন নজরুল। দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মানুষ তার কবিতা ও গান থেকে অনুপ্রেরণা পেয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়েও নজরুল বড় প্রেরণার নাম।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যে কাজ করছেন, সেখানেও নজরুলের আদর্শ অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।
আরও পড়ুন: পর্তুগালে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ-হামলার ভিডিও ভাইরাল
রিজভী জানান, বছরজুড়ে বিভিন্ন আয়োজনের মাধ্যমে জাতীয় কবিকে স্মরণ করা হবে। তার মতে, উপমহাদেশজুড়ে অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছিলেন কাজী নজরুল ইসলাম।
নিউজবাংলাদেশ.কম/এসবি








