নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৬, ২৪ মে ২০২৬

হামে আরও ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪

হামে আরও ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪

ফাইল ছবি

দেশে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের সংক্রমণ ও এর ভয়াবহতা। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৩৪ জন। 

রবিবার (২৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের হাম পরিস্থিতির এই উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে।

চলতি বছরের গত ১৫ মার্চ থেকে শুরু করে আজ ২৪ মে সকাল ৮টা পর্যন্ত পাওয়া সামগ্রিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়া এই রোগে আক্রান্ত ও মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। 

সরকারি হিসাব অনুযায়ী, গত দুই মাসেরও বেশি সময়ে সারা দেশে হাম এবং এর উপসর্গ নিয়ে সর্বমোট ৫২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৬ শিশু। অন্যদিকে, দেশের বিভিন্ন হাসপাতালে হামের তীব্র উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছে ৪৪২ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, মৃত ও আক্রান্তের দিক থেকে বরাবরের মতোই শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ।

আরও পড়ুন: হামে প্রাণ গেলো আরও ১৩ শিশুর, মৃত্যু ছাড়ল ৫০০

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ১ হাজার ৩০৬ জন সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে এবং ১২৮ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন বা তালিকাভুক্ত হয়েছেন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত দেশজুড়ে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮১৩ জনে। এর বিপরীতে ল্যাব টেস্ট বা পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৬২২ জনে। তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে প্রমাণিত হাম রোগে নতুন করে কেউ মারা যায়নি; ১৬ জনের মৃত্যুই হয়েছে তীব্র উপসর্গ নিয়ে।

এদিকে গত ২৪ ঘণ্টার ভৌগোলিক মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, আক্রান্তের পাশাপাশি প্রাণহানির ক্ষেত্রেও রাজধানীসহ ঢাকা বিভাগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। একদিনে মারা যাওয়া ১৬ শিশুর মধ্যে সর্বোচ্চ ১০ জনই মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে ১ জন করে শিশু মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সামগ্রিক চিত্রে, ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত শুধু ঢাকা বিভাগেই হাম ও এর উপসর্গ নিয়ে ২২৪ শিশুর মৃত্যু হয়েছে, যেখানে এই বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ১৭৬ জনে।

বর্তমানে দেশের হাসপাতালগুলোতে হামের লক্ষণ নিয়ে আসা শিশুর ভিড় ক্রমাগত বাড়ছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হয়েছেন ৫০ হাজার ৫৫৮ জন রোগী। এর মধ্যে যথাযথ চিকিৎসা সেবা শেষে এবং শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ৪৬ হাজার ২১৪ জন। 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ ঠেকাতে শিশুদের দ্রুত টিকাদানের আওতায় আনা এবং যেকোনো উপসর্গে অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়