সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম নির্বাচিত, গেজেট প্রকাশ
নুসরাত তাবাসসুম। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৫ মে) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার (৪ মে) রাতে বিজি প্রেস থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।
এদিকে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে জামায়াত জোটের আরেক প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিনের করা রিটের শুনানি শিগগিরই অনুষ্ঠিত হবে। এ বিষয়ে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, এখন পর্যন্ত কোনো নতুন নির্দেশনা পাওয়া যায়নি। তবে আদালত থেকে ভিন্ন কোনো নির্দেশনা এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, নুসরাত তাবাসসুমের রিটের প্রেক্ষিতে তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছিল আদালত। সেই অনুযায়ী যাচাই-বাছাই শেষে তাকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়। আইন অনুযায়ী একদিন অপেক্ষার সুযোগ থাকলেও কমিশন দুই দিন অপেক্ষা করেছে বলেও জানান তিনি।
পূর্বে সরকারি ব্যাংক থেকে অবসরের তিন বছর পূর্ণ না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয়টি আলোচনায় আসে। অন্যদিকে নির্ধারিত সময়ের পর মনোনয়ন জমা দেওয়ায় প্রথমে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।
আরও পড়ুন: নারী সংসদ সদস্যদের দায়িত্বশীলতার আহ্বান মির্জা ফখরুলের
পরবর্তীতে নুসরাত তাবাসসুম হাইকোর্টে রিট দায়ের করলে আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ২ মে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এবং ৩ মে বৈধ প্রার্থীদের তালিকায় তার নাম প্রকাশ করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








