হাসিনার দেশে ফিরে রাজনীতির ঘোষণা ‘মামার বাড়ির আবদার’: রিজভী
রুহুল কবির রিজভী। ছবি সংগৃহীত
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক সংবাদ সম্মেলন করা এবং দেশে ফিরে রাজনীতি করার ঘোষণাকে মামার বাড়ির আবদার ও ধৃষ্টতা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, হাজার হাজার মানুষকে হত্যার পর এ ধরনের বক্তব্য জনগণ মেনে নেবে না। জনগণ গুম ও খুনের বিচার দেখতে চায়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর পল্লবীতে বিএনপির প্রয়াত ক্রীড়াসংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বর্তমান সরকার ন্যায়-নিষ্ঠার ওপর দাঁড়ানো সরকার। বিগত সময়ে যারা গুম ও খুনের সঙ্গে জড়িত ছিল, দেশের সাধারণ মানুষ তাদের বিচার দেখতে চায়। শেখ হাসিনার বিচার অবশ্যই বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, যিনি এত মানুষকে হত্যা করেছেন, তিনি আবার বিদেশে বসে সংবাদ সম্মেলন করে বলছেন ডিসেম্বরে ফিরে আসবেন, রাজনীতি করবেন। এটা যেন মামার বাড়ির আবদার।
রিজভী আরও বলেন, যারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, তারা মূলত তাকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে চান। শেখ হাসিনা ও তার দল জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণা করে রিজভী বলেন, কোকো রাজনীতি করতেন না; তিনি ছিলেন একজন ক্রীড়াসংগঠক। তার মৃত্যু স্বাভাবিক ছিল না। মায়ের ওপর হওয়া অত্যাচার ও নির্যাতন তিনি সহ্য করতে পারেননি বলেও মন্তব্য করেন রিজভী।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, গত ১৭ বছরে বিএনপির প্রতিটি নেতাকর্মী অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। তবে এত কিছুর পরও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি চান না। তিনি দেশের মানুষকে সঙ্গে নিয়ে সুবিচারের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান।
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় প্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র
অনুষ্ঠানে পল্লবী ও রূপনগর থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








