চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না: প্রতিমন্ত্রী শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত
চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনগুলো শেষ করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি সরকারের প্রত্যাশার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেছেন, ইসি যেভাবে কথা বলেছে তাতে আমার কাছে মনে হচ্ছে না যে এ বছর স্থানীয় সরকার নির্বাচন হবে। চলতি মাসের শেষে বা অক্টোবরের প্রথম সপ্তাহে মিটিং করে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ইসি আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার সময়সীমা দিয়েছে। এতে মনে হচ্ছে, আগামী বছর থেকেই নির্বাচন শুরু করতে চাচ্ছে কমিশন।
তবে নির্বাচন কবে শুরু হবে বা শেষ হবে, সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানান তিনি।
মীর শাহে আলম বলেন, রমজান, এসএসসি পরীক্ষা ও ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার বিষয়গুলো বিবেচনায় নিয়ে ইসি নির্বাচনের সময়সূচি নির্ধারণ করতে পারে। ভোটকেন্দ্র হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহারের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।
পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে ইসির প্রাথমিক হিসাবে প্রায় ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, এর মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা এবং উপজেলা নির্বাচনে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা ব্যয় হতে পারে।
আরও পড়ুন: ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময়
পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে তুলনামূলক কম অর্থের প্রয়োজন হবে বলেও জানান তিনি। সম্ভাব্য এই ব্যয়ের কাছাকাছি অর্থ দেওয়ার জন্য সরকারের প্রস্তুতি রয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তবে চূড়ান্ত হিসাবের সঙ্গে ব্যয়ের পরিমাণ কিছুটা কমবেশি হতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








