ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময়
ছবি: সংগৃহীত
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাদের এ সাক্ষাৎ হয়। তবে বৈঠক বা মতবিনিময়ের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
সাক্ষাতের ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে ড. খলিলুর রহমান লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত মতবিনিময়।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমান জাতিসংঘ সংস্কারের প্রয়োজনীয়তার পাশাপাশি নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী প্রতিনিধিত্বের পক্ষে অবস্থান তুলে ধরেছেন। বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আফ্রিকার অন্তর্ভুক্তির ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২ জুন খলিলুর রহমান ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে তাঁর এক বছরের মেয়াদ।
এদিকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল পর্বের সাধারণ বিতর্ক শুরু হয়েছে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ বিশ্বনেতারা বক্তব্য দিচ্ছেন। একই দিনে সাধারণ পরিষদে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন: বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিউজবাংলাদেশ.কম/এসবি








