স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪২, ১ মে ২০২৬

গণঅভ্যুত্থানের শহীদদের অধিকাংশই শ্রমিক: প্রতিমন্ত্রী অমিত

গণঅভ্যুত্থানের শহীদদের অধিকাংশই শ্রমিক: প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের অধিকাংশই শ্রমিক ছিলেন। তিনি জানান, শ্রমিকদের কর্মসংস্থান পুনরুদ্ধার এবং বন্ধ সরকারি কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

শুক্রবার (১ মে) সকালে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে কাজ করছে। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে শ্রমিক পরিবারগুলোকে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের ব্যবস্থাও করা হয়েছে।

তিনি আরও জানান, হাওড় অঞ্চলে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আগামী তিন মাস বিশেষ খাদ্য সহায়তা দেওয়া হবে। এসব উদ্যোগ শ্রমিক ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।

সমাবেশ শেষে শ্রমিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মে দিবসের র‍্যালির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন: রেমিট্যান্সের ভিত্তি গড়েছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

এ সময় যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়