স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪১, ১ মে ২০২৬

রেমিট্যান্সের ভিত্তি গড়েছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

রেমিট্যান্সের ভিত্তি গড়েছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, আজ যে রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

শুক্রবার (১ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দের মহান শ্রম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি বলেন, পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শ্রমিকদের কল্যাণে সেই ধারাকে এগিয়ে নিয়েছেন এবং শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান ১৯৭৬ সালে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিক পাঠানোর উদ্যোগ নেন, যা পরবর্তীতে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্ত উন্মোচন করে।

রাষ্ট্রপতি জানান, পরবর্তী সময়ে শ্রম আইন ২০০৬ প্রণয়ন এবং শ্রম কল্যাণ ফাউন্ডেশন গঠনসহ বিভিন্ন উদ্যোগ শ্রমিকদের অধিকার ও কল্যাণে ভূমিকা রাখে। বর্তমান সরকারও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে নানা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

তিনি বলেন, দেশের উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শিল্প, কৃষি, পরিবহন, নির্মাণসহ প্রতিটি খাতে শ্রমিকদের নিরলস পরিশ্রম অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। রেমিট্যান্স ও তৈরি পোশাক খাত দেশের বৈদেশিক মুদ্রা আয়ের মূল ভিত্তি।

আরও পড়ুন: কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি

রাষ্ট্রপতি আরও বলেন, মালিক-শ্রমিক সম্পর্ক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যের ভিত্তিতে গড়ে তুলতে হবে। ট্রেড ইউনিয়ন কার্যক্রমকে উৎসাহিত করার মাধ্যমে শ্রম খাতে স্থিতিশীলতা ও উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়