দুই আসনের উপ-নির্বাচনে ২৩ দিন প্রচারণার সুযোগ পাবেন প্রার্থীরা
ছবি: সংগৃহীত
আসন্ন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মোট ২৩ দিন প্রচারণার জন্য সময় পাবেন। নির্বাচনী প্রতীক বরাদ্দের পর ১৬ মার্চ থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মাঠে নামতে পারবেন।
শনিবার (৭ মার্চ) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
শেরপুর-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামের মো. মাসুদুর রহমান, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম। ইতোমধ্যে বাছাই কার্যক্রম শেষ হয়েছে এবং আপিল আবেদন গ্রহণ চলছে।
বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার। রিটার্নিং কর্মকর্তা ইতোমধ্যে তাদের বাছাই কার্যক্রম সম্পন্ন করেছেন।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি এই আসনে নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জয়ী হন। তবে আইন অনুযায়ী একইসঙ্গে দুটি আসনের এমপি হওয়া সম্ভব না হওয়ায় তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করেন। এর পর নতুন তফসিল ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে মুছে দেব: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচনী তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি ১১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ১৪ মার্চ, প্রতীক বরাদ্দ ১৫ মার্চ, প্রচারণা শুরু ১৬ মার্চ এবং ভোটগ্রহণ ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ১৬ মার্চ থেকে ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টা পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে প্রচারণা চালাতে পারবেন।
নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








