সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে মুছে দেব: স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদ সদস্যদের শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের সংসদের খারাপ সংস্কৃতি আমরা মানুষের মন থেকে মুছে দেব।
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য চলমান প্রশিক্ষণ কর্মশালায় তিনি সাংবাদিকদের এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কনস্টিটিউশন, রুলস অব প্রসিডিউর, কাস্টমস, কনভেনশন অব দি হাউস এসব বিষয় নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে আলাপ হয়েছে। পাশাপাশি বিশ্বের শক্তিশালী গণতন্ত্র চালানো দেশগুলোর সংসদে ব্যবহৃত কার্যপ্রণালী নিয়েও আলোচনা করা হয়েছে।
তিনি আরও বলেন, আশা করি আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে এবং বলবে এমন সংসদই তারা দেখতে চেয়েছিল। অতীতে সংসদে যেসব নেতিবাচকতা দেখা গেছে, সেগুলো আমরা মানুষের মন থেকে মুছে দেব।
সালাহউদ্দিন উল্লেখ করেন, যারা নতুন সংসদ সদস্য, তারা নতুনভাবে যাত্রা শুরু করবেন, শিখবেন ভালো। যেমন একটি শিশু জন্মের পর সতেজ সংস্কৃতি শেখে, ঠিক তেমনি নবীন সংসদ সদস্যদেরও প্রস্তুত করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া নতুন সংসদ সদস্যদের জনপ্রত্যাশা পূরণে কাজ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
দুই দিনের এই কর্মশালার শেষ দিনের কার্যক্রমে সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা অংশ নেবেন।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের ৬ রুটে ফ্লাইট বাতিল করলো বিমান
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে মূলত নবনির্বাচিত এমপি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় কৌশলগত ভূমিকা তুলে ধরা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








