News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:১৩, ৫ মার্চ ২০২৬

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন ১১ নির্দেশনা

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন ১১ নির্দেশনা

ফাইল ছবি

বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব সরকারি অফিসের জন্য ১১ দফা নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (৫ মার্চ) এ নির্দেশনা সংবলিত চিঠি সব সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা জরুরি। তাই সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশনসহ সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে যে ১১টি নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো হলো-

১. দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করে জানালা বা দরজা খুলে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।
২. বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে এবং অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখতে হবে।
৩. অফিস চলাকালীন প্রয়োজন ছাড়া লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা যাবে না।
৪. এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে।
৫. অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
৬. করিডোর, সিঁড়ি, ওয়াশরুমসহ অন্যান্য স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ রাখতে হবে।
৭. বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।
৮. অফিস সময় শেষে লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে।
৯. অফিসে যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে।
১০. সরকারি গাড়ির ব্যবহার সীমিত করতে হবে।
১১. জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

আরও পড়ুন: সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে, জানালেন তথ্যমন্ত্রী

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে নির্দেশনা দেওয়ার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়