সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে, জানালেন তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ফাইল ছবি
আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে বর্তমান সরকারের জনকল্যাণমুখী পদক্ষেপ ও বিশেষ উদ্যোগগুলো বিস্তারিতভাবে প্রতিফলিত হবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, আসন্ন সংসদ অধিবেশনকে সামনে রেখে সরকারি দলের পক্ষ থেকে সরকারের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তিনি জানান, জনগণের কল্যাণে নেওয়া পদক্ষেপগুলো- বিশেষ করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা এবং কৃষকদের সার ও বীজ সহায়তার জন্য কৃষক কার্ড রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হবে। এছাড়া কৃষি ঋণ মওকুফের মতো পদক্ষেপও প্রাসঙ্গিকভাবে তুলে ধরা হবে, যা মন্ত্রিসভার বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে।
তথ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার তার নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। ইতোমধ্যে যেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে এবং নতুন কর্মসূচি নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, তা মন্ত্রিসভার বৈঠকে ফলপ্রসূভাবে আলোচনা হয়েছে।
আরও পড়ুন: খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পদক
তিনি বিশ্বব্যাপী চলমান যুদ্ধ ও এর প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের উচ্চপর্যায়ের তৎপরতার কথাও উল্লেখ করেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীঘ্রই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে বৈঠক করবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








