বর্ষায় কাজল ব্যবহার করবেন যেভাবে
ছবি: সংগৃহীত
বর্ষাকালে বৃষ্টি আর ঘামের কারণে মেকআপ ধরে রাখা বেশ কঠিন হয়ে পড়ে। বিশেষ করে কাজল লাগানোর পর তা ছড়িয়ে গিয়ে চোখের চারপাশ কালো হয়ে যাওয়ার সমস্যা অনেকেরই হয়। তবে কিছু সহজ কৌশল মেনে চললে বৃষ্টির দিনেও কাজল দীর্ঘ সময় সুন্দরভাবে ধরে রাখা সম্ভব।
বরফ ব্যবহার করুন
মেকআপ শুরুর আগে চোখের চারপাশে কয়েক মিনিট বরফ ঘষে নিন। চাইলে আই প্যাচও ব্যবহার করতে পারেন। এতে ত্বক ঠান্ডা ও হাইড্রেট থাকবে, পাশাপাশি অতিরিক্ত তেল নিঃসরণও কমবে।
কমপ্যাক্ট বা সেটিং পাউডার লাগান
কাজল দেওয়ার আগে চোখের নিচে হালকা করে কমপ্যাক্ট পাউডার বা সেটিং পাউডার ব্যবহার করুন। এতে আর্দ্রতা ও তেল শোষিত হবে, ফলে কাজল সহজে ছড়িয়ে পড়বে না।
প্রাইমার ও সিসি ক্রিম ব্যবহার করুন
চোখের চারপাশে প্রাইমার এবং সিসি ক্রিম লাগিয়ে নিলে মেকআপের জন্য একটি মসৃণ বেস তৈরি হয়। একই সঙ্গে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে থাকায় কাজল দীর্ঘ সময় স্থায়ী হয়।
ওয়াটারপ্রুফ কাজল বেছে নিন
বর্ষাকালে সাধারণ কাজলের পরিবর্তে ওয়াটারপ্রুফ কাজল ব্যবহার করুন। চোখের ওপরের ওয়াটারলাইনে কাজলের বদলে ওয়াটারপ্রুফ আইলাইনার ব্যবহার করলে তা আরও দীর্ঘস্থায়ী হবে।
আরও পড়ুন: পরাজয়ের পর কীভাবে ঘুরে দাঁড়াবেন?
আরও কিছু কার্যকর টিপস
চোখের ভেতরের কোণে কাজল না লাগিয়ে বাইরের অংশে ব্যবহার করুন। এতে স্মাজ হওয়ার ঝুঁকি কমে।
কাজলের ওপর একই রঙের আইলাইনার ব্যবহার করলে কাজল আরও ভালোভাবে সেট হয়ে থাকে।
কাজল লাগানোর পর হালকা করে একই শেডের আইশ্যাডো ব্যবহার করলে তা দীর্ঘ সময় স্থায়ী হয়।
সবশেষে একটি ভালো মানের মেকআপ সেটিং স্প্রে ব্যবহার করুন। এতে পুরো মেকআপই দীর্ঘক্ষণ সতেজ থাকবে।
সঠিক প্রসাধনী নির্বাচন এবং কয়েকটি সহজ কৌশল অনুসরণ করলে বর্ষার দিনেও কাজল ছড়িয়ে যাওয়ার ঝামেলা ছাড়াই সারাদিন সুন্দর লুক ধরে রাখা সম্ভব।
নিউজবাংলাদেশ.কম/এসবি








