টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ
ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেফতারের লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন গণমাধ্যমকে আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়, সংশ্লিষ্ট মামলার তদন্ত পরিচালনার জন্য একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, আসামি ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে সুবিধা গ্রহণ করেন। এর মাধ্যমে রেজিস্ট্রি দলিল সম্পাদন করে গুলশান-২ এলাকার বাড়ি নং-৫এ ও ৫বি (পুরাতন), বর্তমানে ১১এ ও ১১বি (নতুন), রোড নং-৭১, ঢাকা-১২১২ ঠিকানায় অবস্থিত ফ্ল্যাট নং-বি/২০১ এর দখল বুঝে নেন।
আরও পড়ুন: ১৬ বছর পর পিলখানা মামলার আসামি শেখ হাসিনাসহ শীর্ষ নেতারা
তদন্তে আরও উঠে এসেছে, ইস্টার্ন হাউজিং লিমিটেডের বিরুদ্ধে গুরুতর অনিয়ম থাকায় সম্পত্তিটি আইনগতভাবে হস্তান্তরযোগ্য ছিল না। এ বিষয়টি জানা থাকা সত্ত্বেও টিউলিপ রিজওয়ানা সিদ্দিক তার খালা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময়ে দলীয় ও পারিবারিক প্রভাব ব্যবহার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। একই সঙ্গে রাজউকের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সুবাদে সংস্থাটির আইন কর্মকর্তাকে প্রভাবিত করে ইস্টার্ন হাউজিংকে আমমোক্তার অনুমোদন এবং ফ্ল্যাট বিক্রির অনুমোদন পাইয়ে দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
দুদকের দাবি, অবৈধ সুবিধা দেওয়া-নেওয়ার মাধ্যমে অপরাধমূলক ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি ফ্ল্যাটটি বিনামূল্যে গ্রহণ করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, মামলা দায়েরের আগেই আসামি দেশত্যাগ করেছেন এবং মামলার প্রমাণে সহায়ক আলামত নষ্টের চেষ্টা করছেন। ফলে তাকে গ্রেফতার করা প্রয়োজন হলেও বর্তমানে তিনি বিদেশে অবস্থান করায় ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি অপরিহার্য হয়ে পড়েছে। আদালত দুদকের আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








