যুক্তরাষ্ট্রের মোকাবিলায় ইরান আরও শক্ত অবস্থানে: খামেনি
ছবি: সংগৃহীত
ইরানের ‘সাহসী প্রতিরোধ’ দেশটিকে যুক্তরাষ্ট্রের মোকাবিলায় আরও শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি।
শুক্রবার (১৫ মে) জাতীয় ফার্সি ভাষা সংরক্ষণ দিবস এবং খ্যাতিমান কবি ফেরদৌসিকে স্মরণে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
বিবৃতিতে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে সাম্প্রতিক ‘পবিত্র প্রতিরোধ’ প্রমাণ করেছে যে মহাকবি ফেরদৌসির কিংবদন্তি গল্পগুলো কেবল কল্পনা নয়, বরং ইরানি জনগণের বাস্তব জীবনের সাহসিকতার প্রতিফলন।
তিনি আরও বলেন, ফেরদৌসির বিশ্ববিখ্যাত মহাকাব্য ‘শাহনামা’র বীরত্বপূর্ণ ধারণা ইরানের বিভিন্ন জাতিগোষ্ঠী ও সামাজিক শ্রেণিকে একসূত্রে গেঁথেছে। এই জাতীয় ঐক্য দেশটির স্বাধীনতা ও আত্মপরিচয় রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উল্লেখ্য, ইরানি পুরাণে ‘জাহাক’ চরিত্রকে অশুভ শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। খামেনি তার বক্তব্যে সেই প্রতীক ব্যবহার করে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেন।
আরও পড়ুন: ‘রক্তপাত ছাড়াই পারমাণবিক ঝুঁকি নিয়ন্ত্রণ করেছে ইরান চুক্তি’
বিবৃতিতে তিনি দাবি করেন, ইতিহাসের প্রতিটি বাঁকে ইরান তার সাহসিকতার মাধ্যমে প্রমাণ করেছে যে কোনো বহিঃশক্তির চাপ তাদের নত করতে পারবে না। ফার্সি ভাষা ও সংস্কৃতি চর্চাই এই প্রতিরোধের প্রেরণা বলে মন্তব্য করেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








