News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০২, ২০ জানুয়ারি ২০২৬

বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড ছুঁতে পারে ২০২৬ সালে

বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড ছুঁতে পারে ২০২৬ সালে

ছবি: সংগৃহীত

কানাডার এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ জানিয়েছে, ২০২৬ সাল বিশ্ব ইতিহাসের সবচেয়ে উষ্ণ চার বছরের মধ্যে একটি হতে পারে। দেশটির জলবায়ু বিষয়ক ওয়েবসাইট climatedata.ca-তে প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছে, চলতি বছরটি রেকর্ডভাঙা উষ্ণতার দিকে এগোচ্ছে।

বিজ্ঞানীরা অনুমান করছেন, শিল্পবিপ্লব-পূর্ব সময়ের (১৮৫০–১৯০০) তুলনায় ২০২৬ সালে বৈশ্বিক গড় তাপমাত্রা ১.৩৫–১.৫৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এ ক্ষেত্রে প্রায় ১২ শতাংশ সম্ভাবনা রয়েছে যে বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের গুরুত্বপূর্ণ সীমা অতিক্রম করবে।

বিশেষজ্ঞদের মতে, কয়লা, তেল ও গ্যাস পোড়ানো থেকে সৃষ্ট কার্বন নিঃসরণই বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ। এছাড়া ২০২৩–২৪ সালের শক্তিশালী এল নিনো আবহাওয়াও সাম্প্রতিক অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী, বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা এবং সম্ভব হলে ১.৫ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একক বছরে সীমা অতিক্রম করলে চুক্তি লঙ্ঘন হয় না, তবে বিজ্ঞানীরা এটিকে উদ্বেগজনক প্রবণতা হিসেবে দেখছেন।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, তাপমাত্রা আরও বাড়লে তাপপ্রবাহ, খরা, দাবানল, অতিবৃষ্টি ও বন্যার ঝুঁকি বৃদ্ধি পাবে। এর ফলে কৃষি উৎপাদন এবং বৈশ্বিক খাদ্য সরবরাহও নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে।

আরও পড়ুন: গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান দেওয়া হবে না: নেতানিয়াহু

এনভায়রনমেন্ট কানাডার পূর্বাভাসে আরও বলা হয়েছে, ২০২৬ সালে বৈশ্বিক তাপমাত্রা শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে, যা টানা ১৩তম বছর হবে। একই ধরনের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা বার্কলে আর্থ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়