News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২৪, ৬ জানুয়ারি ২০২৬

ডেঙ্গুতে নতুন বছরে ছয় দিনে ৩৮৪ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে নতুন বছরে ছয় দিনে ৩৮৪ জন হাসপাতালে ভর্তি

ফাইল ছবি

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে নতুন বছরের প্রথম ছয় দিনে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৪ জনে।

মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৩ জন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ১০ জন রোগী ভর্তি হয়েছেন।

এ ছাড়া বরিশাল বিভাগে ৫ জন, ঢাকা বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

২০২৫ সালে দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আক্রান্তদের মধ্যে পুরুষের হার ছিল ৬২ দশমিক ৫০ শতাংশ এবং নারীর হার ৩৭ দশমিক ৫০ শতাংশ। এর মধ্যে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে সর্বোচ্চ ২১ হাজার ৫৫১ জন রোগী ভর্তি হন।

আরও পড়ুন: ঢাকা শহর কিউলেক্স মশার আদর্শ প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে: ডুরা

গত বছর ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। মৃতদের আঞ্চলিক পরিসংখ্যান অনুযায়ী, সর্বোচ্চ ১৯৪ জন ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৬৮ জন এবং বরিশাল বিভাগে ৫০ জনের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী বছরগুলোর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

২০১৯ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন এবং মৃত্যুর আনুমানিক সংখ্যা ছিল প্রায় ৩০০ জন। ২০২০ সালে করোনাভাইরাস মহামারির কারণে ডেঙ্গুর প্রভাব তুলনামূলকভাবে কম ছিল।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়