News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৯, ১৪ ডিসেম্বর ২০২৫

সিঙ্গাপুরে মাদকবিরোধী অভিযানে ৭ বাংলাদেশি আটক

সিঙ্গাপুরে মাদকবিরোধী অভিযানে ৭ বাংলাদেশি আটক

ছবি: সংগৃহীত

দেশটির সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরো (সিএনবি) মাদক-সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে সাতজন বাংলাদেশিকে আটক করেছে। 

শনিবার (১৩ ডিসেম্বর) সিএনবি এই তথ্য নিশ্চিত করেছে। আটকদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

সিএনবির বিবৃতিতে বলা হয়েছে, অভিবাসী শ্রমিকদের ডরমিটরিতে গত চার দিন ধরে অভিযান চালানো হয়েছে। এই বিশেষ অভিযানের অংশ হিসেবে সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ), সিঙ্গাপুর কাস্টমস, হেলথ সায়েন্সেস অথরিটি (এইচএসএ), মিনিস্ট্রি অব ম্যানপাওয়ার এবং ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি (আইসিএ) সক্রিয়ভাবে অংশ নেয়।

সূত্রে জানা গেছে, সোমবার প্রথমে জুরং ওয়েস্টের একটি ডরমিটরি থেকে মাদক সেবনের সন্দেহে ২৫ বছর বয়সী একজনকে আটক করা হয়। এরপর মঙ্গলবার সেলেতার এলাকার অন্য একটি ডরমিটরি থেকে আরও দু’জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে একজনের কাছ থেকে স্বল্প পরিমাণে ‘আইস’ ও বিভিন্ন মাদক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ওমানে সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের ৭ প্রবাসী নিহত

বৃহস্পতিবার চোয়া চু কাং এলাকার আরেকটি ডরমিটরিতে অভিযান চালানো হলে আরও চারজনকে মাদক-সংক্রান্ত অপরাধের অভিযোগে আটক করা হয়। তাদের মধ্যেও একজনের কাছ থেকে স্বল্প পরিমাণে ‘আইস’ এবং বিভিন্ন মাদক সরঞ্জাম জব্দ করা হয়।

এমন অভিযান এর আগেও দেখা গেছে। গত নভেম্বর মাসে উডল্যান্ডসের একটি অভিবাসী শ্রমিকের ডরমিটরিতে রাতভর চার ঘণ্টারও বেশি সময় ধরে অভিযান চালিয়ে একজন বাংলাদেশি ও একজন মিয়ানমারের নাগরিকসহ ১২ জনকে মাদক-সংক্রান্ত অপরাধের সন্দেহে আটক করা হয়েছিল।

সিএনবির এনফোর্সমেন্ট ডিভিশনের ডেপুটি ডিরেক্টর সুপারিনটেনডেন্ট লিম উই বেং জানিয়েছেন, মাদক কার্যকলাপ যেখানে-তেও ঘটুক না কেন, কর্মক্ষেত্র বা আবাসিক প্রাঙ্গণে সিএনবি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। 
তিনি আরও বলেন, সিঙ্গাপুরে মাদকের কোনো স্থান নেই। যারা মাদক কার্যকলাপে জড়িত থাকবে, তারা আইনি শাস্তির সম্পূর্ণ সম্মুখীন হবে। আমরা আমাদের অভিবাসী শ্রমিকসহ সকলের নিরাপত্তা ও কল্যাণ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং মাদক-সংক্রান্ত হুমকি শনাক্ত ও প্রতিরোধে আমাদের আইন প্রয়োগকারী অংশীদারদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখব।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়