News Bangladesh

টাঙ্গাইল সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪২, ১৭ মার্চ ২০২৬
আপডেট: ১৮:২৫, ১৭ মার্চ ২০২৬

ভূঞাপুরে দুস্থদের মাঝে বৃক্ষ বন্ধনের ঈদ উপহার বিতরণ

ভূঞাপুরে দুস্থদের মাঝে বৃক্ষ বন্ধনের ঈদ উপহার বিতরণ

ছবি: নিউজবাংলাদেশ

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ বঞ্চিত ও অসহায় মানুষের মাঝে পৌঁছে দিতে টাঙ্গাইলের ভূঞাপুরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ‘বৃক্ষ বন্ধন’। 

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার পাথাইলকান্দি বাজার সংলগ্ন হাজী কলোনি মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এলাকার দুস্থ ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

প্রতি বছরের ন্যায় এবারও আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে ‘বৃক্ষ বন্ধন’ সংস্থা। এদিন সকালে স্থানীয় হাজী কলোনি মাঠে সংস্থার পক্ষ থেকে মোট ৪৫টি সুশৃঙ্খল সারিতে সাজানো পরিবারকে বিশেষ ঈদ প্যাকেজ প্রদান করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, চিনি, সেমাই ও ভোজ্য তেল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ঈদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা। 

উপহার নিতে আসা স্থানীয় এক দিনমজুর জানান, ঈদের আগে এই উপহার আমাদের জন্য বড় এক আশীর্বাদ। অন্তত কয়েকদিন নিশ্চিন্তে পরিবার নিয়ে খেতে পারব।

আরও পড়ুন: ঢাকাবাসীর জন্য ডিএমপির সতর্কবার্তা

সংস্থার সভাপতি আল ইমরানের সভাপতিত্বে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে উপস্থিত হয়েছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথাইলকান্দি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আউয়াল প্রামাণিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা আমির আব্দুল্লাহ আল মামুন, বৃক্ষ বন্ধন সংস্থার সহ-সভাপতি রাসেল প্রামাণিক এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবু বকরসহ সংগঠনের স্বেচ্ছাসেবীবৃন্দ।

বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যদি এভাবে এগিয়ে আসে, তবেই ঈদের প্রকৃত আনন্দ সবার ঘরে ঘরে পৌঁছে যাবে। কেবল বৃক্ষরোপণই নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায় ‘বৃক্ষ বন্ধন’-এর এই কার্যক্রম এলাকায় প্রশংসিত হচ্ছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, তারা মূলত পরিবেশ রক্ষায় কাজ করলেও মানুষের আপদ-বিপদে পাশে থাকাকেই পরম ধর্ম মনে করেন। আগামীতে এই সেবামূলক কার্যক্রমের পরিধি আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির। সুশৃঙ্খল পরিবেশ ও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় স্থানীয়রা সংগঠনের তরুণ কর্মীদের ভূয়সী প্রশংসা করেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়