News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫১, ১১ জানুয়ারি ২০২৬

এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় আহত ২০

এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় আহত ২০

ছবি: সংগৃহীত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গত শুক্রবার ও শনিবার এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর এবং মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটে। ঘন কুয়াশা এবং বিপরীত দিক থেকে আসা যানবাহনের সঙ্গে সংঘর্ষের ফলে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে।

সর্বশেষ শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খানাবাড়ি চৌরাস্তা এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

আহতরা হলেন শরিফ বেপারী (৪০), রাইস (৮), সাদিয়া (২৮), স্নেহা (১৫), আখি (৪০), হারুন (৫৫), আজাহার, রহিমা (৬৫), রাফি (২৪), সাজিদ (৩) এবং নিলয় (২২)। 

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: কুমিল্লায় বাস উল্টে আগুন, দগ্ধ হয়ে ৪ জন নিহত

এর আগে শুক্রবার (০২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় ঘন কুয়াশার কারণে বাস, পিকআপ ও কাভার্ড ভ্যানের মধ্যে এক ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। 
হাইওয়ে পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘টুংগীপাড়া এক্সপ্রেস’-এর একটি দ্রুতগামী বাস সামনে থাকা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কাভার্ড ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। একই সময় পেছন থেকে একটি পিকআপ এসে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে ধাক্কা দিলে এই ত্রিমুখী সংঘর্ষ ঘটে।

এই ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। 

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, মূলত ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি সরিয়ে নিয়ে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

পৃথক এই দুটি ঘটনার পর সংশ্লিষ্ট এলাকার পুলিশ ও প্রশাসন তদন্ত শুরু করেছে। এক্সপ্রেসওয়েতে দ্রুতগতি এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় চালকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ। বর্তমানে উভয় রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়