কুমিল্লায় বাস উল্টে আগুন, দগ্ধ হয়ে ৪ জন নিহত
ছবি: সংগৃহীত
কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনার পরপরই বাসটিতে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে অন্তত চারজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ থেকে ১২ জন।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, অটোরিকশা, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর বাসটি উল্টে গেলে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের জ্বালানির ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ‘ভাত না খাওয়ার’ প্রতিজ্ঞা করা নিজাম মারা গেছেন
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








