বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ‘ভাত না খাওয়ার’ প্রতিজ্ঞা করা নিজাম মারা গেছেন
নিজাম উদ্দিন মন্ডল। ফাইল ছবি
বিএনপি সরকার পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করা ঝিনাইদহের নিজাম উদ্দিন মন্ডল (৪৫)মারা গেছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৩টার দিকে মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, নিজাম উদ্দিন ২০১৪ সালের ৩১ মে থেকে ১১ বছর ৭ মাস ১০ দিন ভাত খাননি। সেই বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ গ্রামে দোয়া ও খাবারের আয়োজনের সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেন। এতে চরমভাবে ক্ষুব্ধ ও অপমানিত হয়ে তিনি এই প্রতিজ্ঞা করেন। এরপর থেকে তিনি কলা, রুটি ও চিঁড়া জাতীয় শুকনো খাবার গ্রহণ করতেন।
নিজাম উদ্দিনের ছেলে শাহ আলম বলেন, “বাবাকে ভাত খাওয়ানোর জন্য আমরা বহুবার চেষ্টা করেছি, কিন্তু তিনি বলতেন প্রতিজ্ঞা ভাঙলে আমি নিজের কাছে ছোট হয়ে যাব।”
পরিবারের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নিজাম উদ্দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার উন্নত চিকিৎসার দায়িত্ব নেন। ফরিদপুর ও ঢাকায় চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে নিজ গ্রামে ফিরে আসেন তিনি। তবে পুরোপুরি সুস্থ হতে না পারায় আজ ভোরে তিনি মারা যান।
আরও পড়ন: পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৯ ডিগ্রি
নিজাম উদ্দিন মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত নূরানী বাক্স মণ্ডলের ছেলে। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি ছিলেন। সাধারণ জীবনযাত্রার মধ্যেও তার রাজনৈতিক বিশ্বাস ও ব্যক্তিগত প্রতিজ্ঞার কারণে তিনি স্থানীয়ভাবে ব্যাপক পরিচিতি লাভ করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








