নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৩, ১৩ আগস্ট ২০২৬

গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

ছবি: সংগৃহীত

জামালপুর জেলায় তীব্র গ্যাস সংকট নিরসন এবং দ্রুত নতুন গ্যাস পাম্প স্থাপনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজিচালিত অটোরিকশার শত শত চালক। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে, যা স্থবির করে দিয়েছে জনজীবন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত ছিল, যার ফলে হাজার হাজার সাধারণ যাত্রী এবং কর্মজীবী মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন।

চালকদের সাথে আলাপকালে জানা যায়, জেলায় সিএনজিচালিত অটোরিকশার বিশাল চাহিদার বিপরীতে গ্যাস সরবরাহের ব্যবস্থা অত্যন্ত অপর্যাপ্ত। দীর্ঘ দিন ধরে জামালপুর সদরের একমাত্র জাবেদ ফিলিং স্টেশন থেকেই জেলার সমস্ত অটোরিকশায় গ্যাস সরবরাহ করা হয়। বিআরটিএ নিবন্ধিত প্রায় ৩ হাজার সিএনজি অটোরিকশার পাশাপাশি বাইরের জেলা থেকে আসা আরও অন্তত ২ হাজার অটোরিকশা মিলিয়ে প্রতিদিন প্রায় ৫ হাজার সিএনজির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে এই একটি মাত্র পাম্প। 

চালকদের অভিযোগ, প্রতিদিন ভোর থেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেক সময় গ্যাসের দেখা মিলছে না। অনেক চালক রাত ২টা-৩টা থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও দিনের শেষে খালি হাতে বাড়ি ফিরছেন, ফলে তাদের দৈনিক আয় প্রায় বন্ধ হয়ে গেছে এবং পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

আরও পড়ুন: ৮০ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি

বিক্ষোভরত চালক হামিদুর রহমান ও জয়নাল আবেদীনসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, একটি মাত্র পাম্প থাকায় গ্যাস নিতে যে সময় ব্যয় হয়, তা তাদের উপার্জনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের কাছে নতুন পাম্প স্থাপনের দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। 

এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব জানান, সিএনজি চালকরা গ্যাস সংকটের স্থায়ী সমাধান এবং নতুন পাম্প স্থাপনের দাবিতে রাজপথে নেমেছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালকদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং যান চলাচল স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা করছে।

উল্লেখ্য যে, জামালপুরের মতো জনবহুল জেলায় শুধুমাত্র একটি ফিলিং স্টেশনের ওপর নির্ভরশীলতা এই সংকটের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সিএনজি চালকদের দাবি, অবিলম্বে জ্বালানি তেল ও গ্যাস সরবরাহকারী কোম্পানিগুলোর সাথে সমন্বয় করে দ্রুত নতুন পাম্প স্থাপনের অনুমতি দিতে হবে, অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। 

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, মহাসড়কের পরিস্থিতি উত্তপ্ত রয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে চালকদের সাথে সমঝোতার চেষ্টা করছেন। যাত্রী সাধারণের ভোগান্তি কমাতে এবং যান চলাচল দ্রুত সচল করতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়