News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:১৮, ২০ মার্চ ২০২৬

বিড়ির ধোঁয়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত ৭

বিড়ির ধোঁয়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত ৭

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোজাদার ব্যক্তির সামনে বিড়ির ধোঁয়া ছাড়াকে কেন্দ্র করে সৃষ্ট এই বিবাদে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারে ছাবিদ মিয়া নামে এক রোজাদার ব্যক্তির সামনে আলাল মিয়া বিড়ি পান করছিলেন। এ সময় বিড়ির ধোঁয়া ছাবিদ মিয়ার গায়ে লাগলে তিনি এর প্রতিবাদ জানান। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরবর্তীতে চরম উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার রেশ ধরে ইফতারের ঠিক আগ মুহূর্তে ছাবিদ গোষ্ঠী ও আলাল গোষ্ঠী নিজ নিজ এলাকার লোকজন ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাজিরা বাড়ি এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত সাতজন আহত হন, যাদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি

খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ইফতারের আগ মুহূর্তে খবর পাওয়ার সাথে সাথেই পর্যাপ্ত পুলিশ ফোর্স পাঠিয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে ওই এলাকায় শান্তি বিরাজ করছে।" তবে এই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি বলে জানান তিনি।

সামান্য বিড়ির ধোঁয়া দেওয়াকে কেন্দ্র করে এমন রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সামান্য বিষয় থেকে বড় ধরনের সহিংসতা এড়াতে স্থানীয়দের মধ্যে সচেতনতা ও সহনশীলতা বাড়ানো জরুরি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়