চামড়া শিল্পে শৃঙ্খলা আনতে জুলাইয়ে মহাপরিকল্পনা: বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
দেশের ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় চামড়া শিল্পে দীর্ঘদিনের বিরাজমান বিশৃঙ্খলা দূর করে স্থায়িত্ব ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে আগামী জুলাই মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) ঘোষণা করবে সরকার।
শুক্রবার (২৯ মে) বিকেলে রাজধানীর পোস্তায় কোরবানির কাঁচা চামড়া ক্রয়, বিক্রয় ও সংরক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী দেশের চামড়া খাতের বর্তমান পরিস্থিতি, মূল্য বিপর্যয় এবং কোরবানির চামড়া ব্যবস্থাপনার সার্বিক চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, মাঠপর্যায়ে চামড়া সংগ্রহের ক্ষেত্রে যথাযথ বৈজ্ঞানিক ও টেকনিক্যাল প্রক্রিয়া অনুসরণ না করায় অনেক সময় সাধারণ বিক্রেতারা কাঙ্ক্ষিত বা ন্যায্য দাম পান না। চামড়া ছাড়ানো, লবণ দেওয়া এবং সংরক্ষণের প্রাথমিক ধাপগুলোতে অসচেতনতার কারণে গুণগত মান নষ্ট হয়, যার সরাসরি প্রভাব পড়ে এর বাজারমূল্যের ওপর।
আরও পড়ুন: দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছে সরকার: অর্থমন্ত্রী
তবে এবারের ঈদুল আজহায় সামগ্রিক চামড়া ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক বেশি সুশৃঙ্খল ছিল দাবি করে মন্ত্রী বলেন, অতীতে ন্যায্য দাম না পেয়ে ক্ষোভে-হতাশায় চামড়া রাস্তায় ফেলে দেওয়া বা মাটিতে পুঁতে ফেলার মতো যেসব অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, এবার দেশের কোথাও তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই মহাপরিকল্পনায় কাঁচা চামড়ার আন্তর্জাতিক বাজার দর নির্ধারণ, আধুনিক উপায়ে চামড়া প্রক্রিয়াজাতকরণ, সাভার ট্যানারি শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) পুরোপুরি কার্যকর করা এবং চামড়া রপ্তানি প্রক্রিয়া সহজীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। মাঠপর্যায়ের ব্যবসায়ী, ট্যানারি মালিক ও খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই এই চূড়ান্ত রূপরেখা তৈরি করা হচ্ছে।
আজকের এই পরিদর্শনের সময় বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্ত্রী পোস্তার বিভিন্ন আড়ত ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও শ্রমিকদের সাথে কথা বলে চামড়া লবণের গুণগত মান ও ক্রয়-বিক্রয়ের খোঁজখবর নেন। একই সাথে তিনি চামড়া পাচার রোধে সীমান্ত এলাকাগুলোতে কঠোর নজরদারি বজায় রাখার বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








