দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
ফাইল ছবি
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মাত্র দুই দিনের ব্যবধানে এই নিয়ে তৃতীয়বারের মতো স্বর্ণের মূল্য সমন্বয় করা হলো। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।
নতুন এই দাম বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসাথে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়লো সোনার দাম
উল্লেখ্য যে, গত ১১ আগস্ট বাজুস সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেই হিসেবে দুই দিনের ব্যবধানেই দাম বাড়লো। তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা বজায় রয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য তালিকা কার্যকর থাকবে।
গ্রাহকদের অবগতির জন্য জানানো হয়েছে যে, অলংকারের ডিজাইন ভেদে মজুরি নির্ধারিত হবে। এছাড়া স্বর্ণালংকার বা রৌপ্যালংকার বিক্রয়মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে নতুন করে আর ভ্যাট আদায়ের সুযোগ নেই। তবে অলংকার কেনা বা পরিবর্তনের ক্ষেত্রে বাজুসের আগের নির্ধারিত নিয়মাবলী বলবৎ থাকবে। বৈশ্বিক পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের অস্থিরতা নিরসনে বাজুস নিয়মিত বিরতিতে এমন মূল্য সমন্বয় করে থাকে।
নিউজবাংলাদেশ.কম/পলি








