গরমে ফ্রিজের কম্প্রেসার ভালো রাখতে যা করবেন
প্রতীকী ছবি
বর্ষাকাল হলেও প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। তাপমাত্রা বেশি থাকায় ঘরে থাকা এসি, ফ্রিজ, টিভিসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতির ওপরও বাড়তি চাপ পড়ছে। বিশেষ করে ২৪ ঘণ্টা চালু থাকা ফ্রিজের কম্প্রেসার অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। এতে ফ্রিজের ঠান্ডা করার ক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি যন্ত্রটির ক্ষতির ঝুঁকিও বাড়ে।
গরমের সময় ফ্রিজের কম্প্রেসার কার্যকর রাখতে কিছু বিষয়ে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
দেয়াল থেকে দূরে রাখুন: জায়গা বাঁচাতে অনেকেই ফ্রিজ দেয়ালের একেবারে সঙ্গে লাগিয়ে রাখেন। এটি ঠিক নয়। ফ্রিজের পেছনে বাতাস চলাচলের জন্য অন্তত ৪ থেকে ৬ ইঞ্চি জায়গা রাখা উচিত। পর্যাপ্ত জায়গা না থাকলে কম্প্রেসার থেকে উৎপন্ন তাপ সহজে বের হতে পারে না এবং সেটি দ্রুত গরম হয়ে যায়।
পেছনের কয়েল ও ভেন্ট পরিষ্কার রাখুন: আমরা সাধারণত ফ্রিজের ভেতর পরিষ্কার করলেও পেছনের অংশের দিকে তেমন নজর দিই না। ফ্রিজের পেছনের কয়েল ও ভেন্টে ধুলা জমলে তাপ বের হওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। তাই নিয়মিত এসব অংশ পরিষ্কার রাখা জরুরি।
ফ্রিজ অতিরিক্ত ভর্তি করবেন না: ফ্রিজের ভেতরে অতিরিক্ত জিনিসপত্র ঠেসে রাখলে ঠান্ডা বাতাস ঠিকভাবে চলাচল করতে পারে না। ফলে ফ্রিজের ভেতর সমানভাবে ঠান্ডা হয় না এবং কম্প্রেসারের ওপর বাড়তি চাপ পড়ে। তাই প্রয়োজন অনুযায়ী জিনিসপত্র সাজিয়ে রাখা উচিত।
অস্বাভাবিক শব্দে সতর্ক হোন: ফ্রিজের কম্প্রেসার চালু থাকা অবস্থায় সাধারণত হালকা শব্দ হয়। তবে হঠাৎ অতিরিক্ত শব্দ হওয়া কিংবা অস্বাভাবিকভাবে শব্দের পরিবর্তন হলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। এ ধরনের সমস্যা দেখা দিলে দক্ষ টেকনিশিয়ানের পরামর্শ নেওয়া ভালো।
পুরনো ফ্রিজে বাড়তি যত্ন: পুরনো ফ্রিজে বিদ্যুৎ খরচ তুলনামূলক বেশি হতে পারে এবং যন্ত্রাংশেও সমস্যা দেখা দিতে পারে। ১০ বছরের বেশি পুরনো ফ্রিজ হলে নিয়মিত পরীক্ষা করানো ভালো। বিশেষ করে ফ্রিজ ঠিকমতো ঠান্ডা না করলে দেরি না করে পেশাদার টেকনিশিয়ানের মাধ্যমে পরীক্ষা ও প্রয়োজনীয় মেরামত করিয়ে নেওয়া উচিত।
আরও পড়ুন: প্রেশার কুকার ব্যবহারে যে ভুলগুলো বিপদ ডেকে আনতে পারে
গরমের সময়ে ফ্রিজ ২৪ ঘণ্টা চালু থাকায় এর কম্প্রেসারের ওপর বাড়তি চাপ পড়ে। তাই সঠিক স্থানে ফ্রিজ রাখা, পেছনের অংশ পরিষ্কার রাখা এবং অতিরিক্ত জিনিসপত্র না রাখার মতো বিষয়গুলো মেনে চললে ফ্রিজের কার্যকারিতা বজায় রাখা সহজ হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








