জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩১, ১৪ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:৩৩, ১৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে বিষাক্ত গ্যাস লিকেজে ৫ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে বিষাক্ত গ্যাস লিকেজে ৫ শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের ট্যাঙ্কার থেকে বিষাক্ত গ্যাস লিকেজে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারীতে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি জাহাজের ট্যাঙ্ক থেকে গ্যাস নির্গত হতে দেখে ইয়ার্ডের সেফটি টিমের কয়েকজন সদস্য সেটি পরীক্ষা করতে যান। এ সময় হঠাৎ গ্যাস ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন।

তিনি জানান, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে আহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এদিকে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) চট্টগ্রামের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান জানান, দুর্ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হওয়ার তথ্য তারা পেয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যুর বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অন্যদের সর্বশেষ অবস্থা জানতে খোঁজ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: চট্টগ্রামে গ্যাস না পেয়ে সিএনজি চালকদের সড়ক অবরোধ

ট্যাঙ্কার থেকে কীভাবে বিষাক্ত গ্যাস লিকেজ হলো এবং ইয়ার্ডে শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়