স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৩৮, ৯ আগস্ট ২০২৬
আপডেট: ২১:৩৯, ৯ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম আলোচনায়, বললেন ‘আমি কিছু জানি না’

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম আলোচনায়, বললেন ‘আমি কিছু জানি না’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হচ্ছে-এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও দলটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মির্জা ফখরুল নিজেও রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

রবিবার (৯ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মোবাইল ফোনে মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হয়, বিএনপির পক্ষ থেকে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে কি না। জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। ব্যাপারটি আমার নলেজে নেই।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদে দলের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই বেশি আলোচনায় রয়েছে। রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে তারও কিছুটা আগ্রহ রয়েছে বলে জানা গেছে। সবকিছু বিবেচনায় এখন পর্যন্ত তার সম্ভাবনাই বেশি বলে দলীয় সূত্রের দাবি।

এ ছাড়া রাষ্ট্রপতি পদে বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নামও আলোচনায় রয়েছে।

দলীয় সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হয়েছে। ফলে শেষ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে, সে সিদ্ধান্ত তারেক রহমানই নেবেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

অন্যদিকে রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়