লাইফস্টাইল ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২২, ২০ জুলাই ২০২৬

পরাজয়ের পর কীভাবে ঘুরে দাঁড়াবেন?

পরাজয়ের পর কীভাবে ঘুরে দাঁড়াবেন?

প্রতীকী ছবি

জয়-পরাজয় দুটোই জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে পরাজয়ের ভার অনেক সময় জয়কে ছাপিয়ে যায়। সম্পর্কে বিচ্ছেদ, চাকরির সুযোগ হাতছাড়া, পরীক্ষায় ব্যর্থতা, ব্যবসায় লোকসান কিংবা প্রিয় দলের হার-পরাজয়ের ধরন ভিন্ন হলেও এর কষ্ট প্রায় একই।

অনেকে পরাজয়ের পর নিজেকে গুটিয়ে নেন, অতীতের ব্যর্থতা নিয়েই পড়ে থাকেন। আবার কেউ সেই অভিজ্ঞতাকে শক্তিতে পরিণত করে নতুন করে পথচলা শুরু করেন। মনে রাখতে হবে, পরাজয় জীবনের শেষ নয়; বরং নিজেকে নতুনভাবে গড়ে তোলার একটি সুযোগ। জেনে নিন পরাজয়ের পর নিজেকে সামলে নেওয়ার কিছু কার্যকর উপায়।

কষ্টকে স্বাভাবিকভাবে গ্রহণ করুন
পরাজয়ের পর মন খারাপ হওয়া, হতাশা বা কষ্ট অনুভব করা স্বাভাবিক। সবসময় শক্ত থাকার ভান করার প্রয়োজন নেই। কান্না পেলে কাঁদুন, অনুভূতি প্রকাশ করুন। তবে কষ্টকে জীবনের স্থায়ী সঙ্গী বানাবেন না। নিজেকে সময় দিন, কিন্তু সেই সময় যেন আপনাকে থামিয়ে না দেয়।

পরাজয়কে নিজের পরিচয় বানাবেন না
আমি হেরে গেছি আর আমি একজন পরাজিতএই দুটি কথার অর্থ এক নয়। একটি ব্যর্থতা আপনার জীবনের একটি ঘটনা মাত্র, পুরো পরিচয় নয়। একটি পরীক্ষায় খারাপ ফল, একটি চাকরি না পাওয়া বা একটি সম্পর্কের বিচ্ছেদ আপনার যোগ্যতা বা মূল্য নির্ধারণ করে না।

ভুল থেকে শিক্ষা নিন
নিজেকে দোষারোপ না করে ঠান্ডা মাথায় ভাবুন, কোথায় ভুল হয়েছিল? প্রস্তুতিতে ঘাটতি ছিল, সিদ্ধান্তে ভুল ছিল, নাকি পরিস্থিতিই প্রতিকূল ছিল? এই বিশ্লেষণের উদ্দেশ্য নিজেকে ছোট করা নয়, বরং ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত হওয়া।

অন্যের সঙ্গে তুলনা করবেন না
পরাজয়ের পর অনেকেরই মনে হয়, সবাই এগিয়ে যাচ্ছে, শুধু তিনিই পিছিয়ে। কিন্তু প্রত্যেক মানুষের জীবন, সময় এবং সংগ্রাম আলাদা। তাই অন্যের সাফল্যের সঙ্গে নিজের ব্যর্থতার তুলনা না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দিন।

ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন
বড় কোনো ব্যর্থতার পর একদিনেই সবকিছু বদলে ফেলা সম্ভব নয়। তাই ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করা, নিয়মিত হাঁটা, সময়মতো ঘুমানো, নতুন কিছু শেখা বা অসমাপ্ত কাজ আবার শুরু করা এসবই হতে পারে ঘুরে দাঁড়ানোর প্রথম ধাপ।

প্রিয়জনদের পাশে রাখুন
পরাজয়ের সময় একা থাকতে ইচ্ছা করাটা স্বাভাবিক। তবে দীর্ঘদিন নিজেকে সবার কাছ থেকে বিচ্ছিন্ন রাখা মানসিক চাপ আরও বাড়িয়ে দিতে পারে। তাই পরিবারের সদস্য, বন্ধু বা কাছের মানুষের সঙ্গে সময় কাটান। তারা হয়তো সব সমস্যার সমাধান দিতে পারবেন না, কিন্তু মানসিক শক্তি জোগাতে পারবেন।

আরও পড়ুন: অনিদ্রা দূর করতে ঘুমের আগে করবেন যেসব ব্যায়াম

পরাজয়ের কষ্টকে অস্বীকার করার প্রয়োজন নেই। বরং সেটিকে গ্রহণ করুন, সেখান থেকে শিক্ষা নিন এবং ধীরে ধীরে সামনে এগিয়ে যান। কারণ জীবনের প্রতিটি ম্যাচ জেতা যায় না, সব সুযোগও মেলে না। কিন্তু প্রতিটি পরাজয়ের পর আবার উঠে দাঁড়ানোর সাহসই একজন মানুষকে শেষ পর্যন্ত সত্যিকারের বিজয়ী করে তোলে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়