অনিদ্রা দূর করতে ঘুমের আগে করবেন যেসব ব্যায়াম
ছবি: সংগৃহীত
দিনভর কাজের চাপ, দীর্ঘ সময় বসে থাকা, অতিরিক্ত স্ক্রিন ব্যবহার ও মানসিক অস্থিরতার কারণে অনেকেরই রাতে সহজে ঘুম আসে না। বিশেষজ্ঞদের মতে, ঘুমের ওষুধ বা মোবাইলে সময় কাটানোর বদলে ঘুমানোর আগে কয়েক মিনিটের হালকা স্ট্রেচিং দ্রুত ঘুমাতে এবং ভালো ঘুম নিশ্চিত করতে সহায়ক হতে পারে।
গবেষকদের ভাষ্য, সহজ কিছু স্ট্রেচিং শরীরের পেশির টান কমায়, নমনীয়তা বাড়ায় এবং সারাদিনের জমে থাকা ক্লান্তি ও চাপ দূর করতে সাহায্য করে। একই সঙ্গে ধীর ও গভীর শ্বাস-প্রশ্বাস স্নায়ুতন্ত্রকে শান্ত করে, ফলে শরীর বিশ্রামের জন্য প্রস্তুত হয়। নিয়মিত এ অভ্যাস পরদিন সকালে সতেজ অনুভব করতেও সহায়তা করে।
ঘুমানোর আগে যেসব স্ট্রেচিং করতে পারেন:
চাইল্ডস পোজ: হাঁটু গেড়ে বসে সামনের দিকে ঝুঁকে দুই হাত সামনে প্রসারিত করুন। এটি পিঠ, কাঁধ ও কোমরের চাপ কমাতে সাহায্য করে।
নেক স্ট্রেচ: ধীরে ধীরে মাথা এক কাঁধের দিকে ঝুঁকিয়ে ২০–৩০ সেকেন্ড ধরে রাখুন। এরপর অন্য পাশেও একইভাবে করুন। এতে ঘাড়ের জড়তা কমে।
সিটেড ফরোয়ার্ড বেন্ড: পা সামনে সোজা রেখে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকুন। এটি কোমর, উরু ও পায়ের পেশি শিথিল করতে সহায়ক।
ক্যাট-কাউ স্ট্রেচ: হাত ও হাঁটুর ওপর ভর দিয়ে শ্বাস নেওয়ার সময় পিঠ নিচের দিকে বাঁকান এবং শ্বাস ছাড়ার সময় পিঠ গোল করুন। এতে মেরুদণ্ড নমনীয় হয় ও পিঠের চাপ কমে।
বাটারফ্লাই স্ট্রেচ: দুই পায়ের পাতা একসঙ্গে মিলিয়ে হাঁটু দুই পাশে নামিয়ে বসুন। এটি কোমর ও উরুর ভেতরের পেশির টান কমাতে সাহায্য করে।
স্ট্যান্ডিং ফরোয়ার্ড ফোল্ড: দাঁড়িয়ে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকে হাত নিচের দিকে ছেড়ে দিন। এতে পিঠ, কাঁধ ও পায়ের পেশি শিথিল হয় এবং রক্তসঞ্চালন বাড়ে।
লেগস আপ দ্য ওয়াল: দেয়ালের সঙ্গে পা উঁচু করে ৫ থেকে ১০ মিনিট শুয়ে থাকুন। এটি পায়ের ক্লান্তি কমিয়ে শরীরকে আরাম দেয় এবং ঘুমের জন্য প্রস্তুত করে।
আরও পড়ুন: বৃষ্টির নামলেই রান্না করুন সুস্বাদু খিচুড়ি
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন রাতে মাত্র কয়েক মিনিটের এই স্ট্রেচিংয়ের অভ্যাস মানসিক চাপ কমাতে, শরীরকে শিথিল রাখতে এবং দ্রুত গভীর ঘুমে যেতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








