লাইফস্টাইল ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৩, ১০ জুলাই ২০২৬

এক বেলায় কতটা প্রোটিন খাওয়া উচিত?

এক বেলায় কতটা প্রোটিন খাওয়া উচিত?

ছবি: সংগৃহীত

অনেকের ধারণা, মানবদেহ একবারে মাত্র ২০ থেকে ৩০ গ্রাম প্রোটিন শোষণ করতে পারে। তবে পুষ্টিবিজ্ঞানীদের মতে, এই ধারণা পুরোপুরি সঠিক নয়। শরীর খাবারের মাধ্যমে গ্রহণ করা প্রায় সব প্রোটিনই হজম ও শোষণ করতে পারে। আসল বিষয় হলো, সেই প্রোটিনের কতটা তাৎক্ষণিকভাবে পেশি গঠন ও মেরামতে ব্যবহৃত হয়।

বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এক বেলার খাবারে ২০ থেকে ৪০ গ্রাম উচ্চমানের প্রোটিন পেশির প্রোটিন সংশ্লেষণ (Muscle Protein Synthesis) সর্বোচ্চ পর্যায়ে নিতে যথেষ্ট। তবে বয়স, ওজন, শারীরিক পরিশ্রম ও স্বাস্থ্যগত অবস্থার ওপর নির্ভর করে এই চাহিদা ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে।

২০–৪০ গ্রামের বেশি প্রোটিন গ্রহণ করলেও তা নষ্ট হয় না। শরীর অতিরিক্ত প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করে এনজাইম, হরমোন, রোগপ্রতিরোধী কোষ এবং বিভিন্ন টিস্যু তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজে। প্রয়োজন হলে এটি শক্তির উৎস হিসেবেও ব্যবহৃত হতে পারে।

গবেষণা কী বলছে?
২০১৮ সালে জার্নাল অব দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি অব স্পোর্টস নিউট্রিশন-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, মানবদেহ একবারে উল্লেখযোগ্য পরিমাণ প্রোটিন শোষণ করতে সক্ষম। প্রশ্নটি প্রোটিন শোষণের নয়, বরং পেশি গঠনে একবারে কতটা কার্যকরভাবে ব্যবহার করা যায়।

গবেষণায় আরও উল্লেখ করা হয়, অতিরিক্ত প্রোটিন অপচয় হয় না। বরং শরীর ধীরে ধীরে তা হজম করে বিভিন্ন জৈবিক কাজে ব্যবহার করে।

আরও পড়ুন: ঘুম থেকে ওঠার এক ঘণ্টার মধ্যে নাস্তা করা কি জরুরি?

কতটুকু প্রোটিন খাওয়া উচিত?
গবেষকদের পরামর্শ, পেশির বৃদ্ধি ও পুনর্গঠনের জন্য প্রতি বেলার খাবারে শরীরের প্রতি কেজি ওজনের বিপরীতে প্রায় ০.৪ গ্রাম প্রোটিন গ্রহণ করা যেতে পারে। এছাড়া দিনের মোট প্রোটিন একবারে না খেয়ে অন্তত চারটি খাবারে ভাগ করে গ্রহণ করলে শরীর তা আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়