লাইফস্টাইল ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৬, ৩ জুলাই ২০২৬

একদিন না খেয়ে থাকলে শরীরের যেসব পরিবর্তন ঘটে

একদিন না খেয়ে থাকলে শরীরের যেসব পরিবর্তন ঘটে

ছবি: সংগৃহীত

ওজন নিয়ন্ত্রণ, শরীরের বিপাকক্রিয়া উন্নত করা এবং সুস্থ জীবনযাপনের অংশ হিসেবে অনেকেই টানা ২৪ ঘণ্টা উপবাস করেন। তবে দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীরে কী ধরনের পরিবর্তন ঘটে এবং এটি সবার জন্য নিরাপদ কি না- তা জানা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় খাবার গ্রহণ না করলে শরীর ধীরে ধীরে শক্তি উৎপাদনের উৎস পরিবর্তন করে। প্রথমে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে যকৃতে সঞ্চিত গ্লাইকোজেন ব্যবহার করা হয়। এরপর শরীর শক্তির জন্য সঞ্চিত চর্বি ভাঙতে শুরু করে এবং কিটোন নামের বিকল্প জ্বালানি তৈরি করে। একই সঙ্গে ইনসুলিনের মাত্রা কমে এবং গ্লুকাগন হরমোনের কার্যকারিতা বেড়ে যায়।

সুস্থ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই পরিবর্তন সাধারণত স্বাভাবিকভাবে ঘটে। তবে যারা দীর্ঘ সময় উপবাসে অভ্যস্ত নন, তারা ক্ষুধা, ক্লান্তি, মাথাব্যথা, মাথা ঘোরা, বিরক্তি, মনোযোগে ঘাটতি বা হালকা দুর্বলতা অনুভব করতে পারেন।

বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ সুস্থ মানুষের ক্ষেত্রে ২৪ ঘণ্টা উপবাসে রক্তে শর্করার মাত্রা বিপজ্জনকভাবে কমে যায় না। কারণ, যকৃত প্রয়োজন অনুযায়ী রক্তে গ্লুকোজ সরবরাহ করে। তবে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি, ইনসুলিন বা রক্তে শর্করা কমানোর ওষুধ গ্রহণকারী, গর্ভবতী ও স্তন্যদানকারী নারী, শিশু এবং দুর্বল বয়স্কদের জন্য দীর্ঘ সময় উপবাস ঝুঁকিপূর্ণ হতে পারে। তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া এমন অভ্যাস অনুসরণ করা উচিত নয়।

২০২৩ সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, নিয়মিত উপবাস ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে পারে। এতে বিপাকজনিত সমস্যা, ডায়াবেটিসের ঝুঁকি, শরীরের অতিরিক্ত চর্বি, রক্তচাপ এবং ক্ষতিকর চর্বির মাত্রা কমতে সহায়তা করতে পারে। প্রাণীর ওপর পরিচালিত কিছু গবেষণায় আলঝেইমার ও পারকিনসনের মতো স্নায়বিক রোগের অগ্রগতি ধীর হওয়ার ইঙ্গিতও পাওয়া গেছে। তবে মানুষের ক্ষেত্রে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

গবেষকদের মতে, উপবাসের শুরুতে অনেকের মাথাব্যথা হতে পারে। এর কারণ হতে পারে রক্তে শর্করা কমে যাওয়া, শরীরে পানির ঘাটতি, ক্যাফেইন গ্রহণ হঠাৎ বন্ধ করা বা শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া। আবার দীর্ঘ সময় উপবাস করলে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে পেশির ক্ষয় এবং ইনসুলিনের কার্যকারিতা কমে যাওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে।

আরও পড়ুন: অ্যাজমা রোগীরা যেসব খাবার এড়িয়ে চলবেন

গবেষণায় আরও বলা হয়েছে, কম ওজনের ব্যক্তি, শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে ২৪ ঘণ্টা উপবাস কতটা নিরাপদ, সে বিষয়ে এখনও পর্যাপ্ত তথ্য নেই। তাই চিকিৎসক বা স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া দীর্ঘ সময় উপবাস করা উচিত নয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়