News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৮, ১৯ মার্চ ২০২৬
আপডেট: ১০:১৭, ১৯ মার্চ ২০২৬

ঈদের জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ, থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা

ঈদের জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ, থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের জামাতকে ঘিরে প্রস্তুত করা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান। এবার সেখানে ১৯৯তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। মুসল্লিদের নিরাপত্তায় পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জামাতে ইমামতি করবেন কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে থাকবেন হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই।

নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের টুপি, জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন্য কিছু সঙ্গে নিয়ে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না। ছাতা বহনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, র‍্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নাঈমুল ইসলাম এবং পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি প্রায় শেষ। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন জানান, ২০১৬ সালের ঘটনার পর থেকে প্রতি বছরই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এবারও পাঁচ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। প্রায় ১ হাজার ১০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। মাঠ ও আশপাশ এলাকায় বসানো হয়েছে একাধিক চেকপোস্ট ও পিকেট। ছয়টি ওয়াচ টাওয়ারের মধ্যে চারটি ব্যবহার করবে পুলিশ এবং দুটি র‍্যাব। মাঠজুড়ে সিসিটিভি নজরদারির পাশাপাশি মোতায়েন থাকবে চারটি ড্রোন ক্যামেরা ও ছয়টি ভিডিও ক্যামেরা। নিরাপত্তায় থাকবে বোমা নিষ্ক্রিয়কারী দল, সুইপিং টিম ও কুইক রেসপন্স টিম। এ ছাড়া ফায়ার সার্ভিস, ছয়টি অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

র‍্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক নাঈমুল ইসলাম বলেন, স্নাইপার, ড্রোন ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। র‍্যাব সদস্যরা পোশাকধারী ও সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন। বর্তমানে কোনো ধরনের হুমকি নেই বলেও জানান তিনি।

ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ বলেন, মাঠ প্রস্তুতকরণ, রং করা, অজু ও গোসলের ব্যবস্থাসহ মুসল্লিদের জন্য সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: সদরঘাটে লঞ্চের ধাক্কায় নিহত ২, নিখোঁজ ৩

মুসল্লিদের যাতায়াত সুবিধার্থে ঈদের দিন কিশোরগঞ্জ-ময়মনসিংহ ও ভৈরব-কিশোরগঞ্জ রুটে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেন চলাচল করবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়