News Bangladesh

বিনোদন প্রতিবেদক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৫, ১৪ মার্চ ২০২৬

‘ঈদ আনন্দ’ উপস্থাপনায় মুকিত জাকারিয়া ও নাবিলা ইসলাম

‘ঈদ আনন্দ’ উপস্থাপনায় মুকিত জাকারিয়া ও নাবিলা ইসলাম

মুকিত জাকারিয়া ও নাবিলা ইসলাম। ছবি: সংগৃহীত

প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দ’ আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র। ঈদের দিন রাত ৯টা ২৫ মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র থেকে।

এবারের আয়োজনে প্রথমবারের মতো একসঙ্গে উপস্থাপনা করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা মুকিত জাকারিয়া এবং নাবিলা ইসলাম।

উপস্থাপনা প্রসঙ্গে মুকিত জাকারিয়া জানান, এবারের অনুষ্ঠানটি তিনি গতানুগতিক ধারার বাইরে ভিন্নভাবে উপস্থাপনা করেছেন। তিনি বলেন, “আমরা অনেকটা আড্ডার ঢংয়ে মজার ছলে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছি। নাবিলাও দারুণ করেছে। উপস্থিত সবাই অনুষ্ঠানটির প্রশংসা করেছেন।”

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে প্রায় ৪০ বছর পর চট্টগ্রামের দুটি ব্যান্ড স্পার্ক ও রুটস একসঙ্গে গান পরিবেশন করেছে। পাশাপাশি দুই ব্যান্ডের সদস্যরা জমিয়ে একটি ঈদ আড্ডায় অংশ নেন।

এ ছাড়া অনুষ্ঠানে থাকছে টক শো, কৌতুক, নৃত্য পরিবেশনা এবং ভাটিয়ালি, ভাওয়াইয়া ও বাউল সংগীত। একটি ছোট নাটিকা ও টক শো অংশে অংশ নিয়েছেন সিয়াম নাসির, মো মো মুর্শেদ ও রুবেল। অনুষ্ঠানটি নির্মাণ করেছেন ইলন সাফির।

উপস্থাপনার অভিজ্ঞতা প্রসঙ্গে মুকিত জানান, এর আগে ২০২৪ সালেও তিনি ‘ঈদ আনন্দ’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলেন। এছাড়া একুশে টেলিভিশন-এ ‘ভুল’ শিরোনামের একটি ঈদ বিশেষ অনুষ্ঠানও উপস্থাপনা করেছিলেন তিনি।

আরও পড়ুন: গ্যাংস্টার লুকে শাকিব, ‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ

এদিকে ঈদ উপলক্ষে মুকিত জাকারিয়া ইতোমধ্যে চারটি একক নাটক এবং দুটি সাত পর্বের ধারাবাহিক নাটকের শুটিং শেষ করেছেন। ধারাবাহিক দুটি পরিচালনা করেছেন হিমু আকরাম ও মাইদুল রাকিব।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়