News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৭, ১৩ মার্চ ২০২৬

গ্যাংস্টার লুকে শাকিব, ‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ

গ্যাংস্টার লুকে শাকিব, ‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ

ছবি: সংগৃহীত

ঈদের জন্য আগেই ঘোষণা করা হয়েছিল ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’–র টিজার মুক্তির। দীর্ঘ জল্পনার পর অবশেষে প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার, যা দর্শকদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে।

এর আগে বলা হয়েছিল, বৃহস্পতিবার বেলা ১২টায় টিজার প্রকাশ করা হবে। তবে নির্ধারিত সময় পেরিয়ে বেলা ১টার দিকে প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের  ইউটিউব চ্যানেলে টিজারটি প্রকাশিত হয়।

১ মিনিট ২৯ সেকেন্ডের এই টিজারকে নির্মাতা আবু হায়াত মাহমুদ ‘প্রি-ব্লাস্ট’ হিসেবে আখ্যায়িত করেছেন। টিজারে শাকিব খান গ্যাংস্টারের চরিত্রে হাজির হয়েছেন। শুরুতেই দেখা যায় ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধ জগতের ঝলক। এরপর ‘প্রিন্স’ চরিত্রের শাকিব একের পর এক গুলিতে প্রতিপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধ্বংস করছেন, লম্বা চুল ও চোখে সানগ্লাস সহ অ্যাকশন লুকে।

টিজারে শাকিবের একটি ভিন্ন লুকও দেখা গেছে, ছোট চুল ও অন্যরকম উপস্থিতি। নির্মাতা এখনও স্পষ্ট করেননি এটি প্রিন্সের অতীত কাহিনি নাকি দ্বৈত চরিত্র।

এছাড়া টিজারে দিব্যেন্দু ভট্টাচার্যকে অভিনয় করতে দেখা গেছে। শাকিবের দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু–রও টিজারে উপস্থিত রয়েছেন।

টিজারের শেষ মুহূর্তে শোনা যায় প্রিন্সের সংলাপ: “আমার সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য মিষ্টি। আর আমার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য বুলেটের বৃষ্টি।”

আরও পড়ুন: ঈদে আসছে তৌসিফ-বাঁধনের ‘চক্র ২’

ছবিতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ অন্যান্য শিল্পী।

ছবিটির শুটিং হয়েছে বাংলাদেশের পাশাপাশি ভারতের বিভিন্ন লোকেশন এবং শ্রীলঙ্কাতেও।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়