News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

৫ মামলায় জামিন পেলেন আইভী

৫ মামলায় জামিন পেলেন আইভী

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে হত্যাসহ পৃথক পাঁচটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। 

আদালতের এই আদেশের ফলে দীর্ঘদিন কারাবন্দী থাকা আলোচিত এই নেত্রীর মুক্তির পথ সুগম হলো বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

আদালত সূত্রে জানা গেছে, ডা. আইভীর বিরুদ্ধে বর্তমানে বিচারাধীন পাঁচটি মামলার মধ্যে চারটিই হত্যা মামলা। এর মধ্যে ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল। এছাড়া সদর মডেল থানায় দায়ের করা সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে অন্য একটি মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় চারটি হত্যা ও দুটি হত্যাচেষ্টাসহ মোট ছয়টি মামলায় তাকে পর্যায়ক্রমে গ্রেফতার দেখানো হয়।

আরও পড়ুন: টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ

গত বছরের ৯ মে ভোররাত ৩টার দিকে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় অবস্থিত নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে ডা. আইভীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর বিভিন্ন সময়ে তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে আইনি প্রক্রিয়া চালানো হয়। এর আগে উচ্চ আদালত থেকে তিনি একবার পাঁচ মামলায় জামিন পেলেও পরবর্তী সময়ে আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। 

সর্বশেষ গত বছরের ১৮ নভেম্বর তাকে পুনরায় নতুন পাঁচটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল। বৃহস্পতিবারের শুনানিতে ডা. আইভীর পক্ষে আদালত কক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু।

ডা. সেলিনা হায়াৎ আইভী বাংলাদেশের স্থানীয় সরকার রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তৎকালীন নারায়ণগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেন। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) গঠিত হওয়ার পর তিনি টানা তিনটি নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়ে দীর্ঘ এক যুগেরও বেশি সময় নগরপিতার দায়িত্ব পালন করেছেন।

সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, আদালতের জামিননামা কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই তিনি মুক্তি পাবেন। উচ্চ আদালতের এই আদেশের মাধ্যমে সাবেক এই মেয়র দীর্ঘ আইনি জটিলতা শেষে স্বস্তি পেলেন বলে মনে করছেন তার সংশ্লিষ্টরা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়