স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪১, ২১ জুন ২০২৬
আপডেট: ০৮:৪৩, ২১ জুন ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় নিশ্চিত করেছে টাইগ্রেসরা। একইসঙ্গে প্রথমবারের মতো বিশ্বকাপের এক আসরে একাধিক ম্যাচ জয়ের কীর্তিও গড়েছে বাংলাদেশ।

সাউদাম্পটনে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। শুরুতেই নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে দল। এক পর্যায়ে ১৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগ্রেসরা।

তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংস গুছিয়ে নেন। শেষ দিকে স্বর্ণা আক্তারের ঝড়ো ব্যাটিং বাংলাদেশকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়। তিনি ২২ বলে ৫টি চারের সাহায্যে অপরাজিত ৩৯ রান করেন।

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের মুখে পড়ে পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১০০ রান তুলতে সক্ষম হয় তারা।

বাংলাদেশের হয়ে স্পিনাররা দুর্দান্ত বোলিং করেন। নাহিদা আক্তারের নেতৃত্বে মাঝের ওভারগুলোতে রান তোলার গতি আটকে দেওয়া হয়। রাবেয়া খান ও সানজিদা আক্তার মেঘলাও ছিলেন কৃপণ। ফলে প্রয়োজনীয় রানরেট বাড়তে থাকলে চাপ সামলাতে না পেরে শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান।

আরও পড়ুন: হাইতিকে উড়িয়ে ব্রাজিলের দুর্দান্ত কামব্যাক

এই জয়ে বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালের আশা আরও উজ্জ্বল হলো।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়