খাল খনন ও পানি সংরক্ষণে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী
কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
জলাবদ্ধতা প্রতিরোধ এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের লক্ষ্যে দেশের খালগুলো খনন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, পানির যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে। বৃষ্টিপাতের কারণে হাওরাঞ্চলে ব্যাপক ক্ষতি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নতুন রাস্তা নির্মাণ করলে ফসলের ক্ষতির ঝুঁকি রয়েছে, তাই পরিকল্পিত উন্নয়ন প্রয়োজন।
তিনি আরও জানান, সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে তা ১২০০ শয্যায় উন্নীত করা হবে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে সকাল ৯টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সিলেট সফর।
সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি শহরের উদ্দেশে রওনা হয়ে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেন।
পরে তিনি নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নেন। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এরপর সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন তিনি। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
এদিকে তার আগমন উপলক্ষে বিমানবন্দর ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
এর আগে সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান তিনি। পরে সকাল ৯টা ২০ মিনিটে আকাশপথে সিলেটের উদ্দেশে যাত্রা করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








