স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৮, ২ মে ২০২৬
আপডেট: ১০:৩৮, ২ মে ২০২৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন করতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২ মে) সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা থেকে বিমানে রওনা হয়ে সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি রওনা হন হযরত শাহজালাল (র.) মাজার অভিমুখে। সেখানে জিয়ারত শেষে তিনি যাবেন খাদিমনগরে হযরত শাহ পরাণ (র.) মাজার-এ।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন। খাল খনন কর্মসূচি ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’সহ বিভিন্ন কর্মসূচি শেষ করে তিনি রাতে ঢাকায় ফিরবেন।

তিনি আরও জানান, মাজার জিয়ারতের পর সকাল ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

দুপুরে সার্কিট হাউসে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৩টায় সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জেলা পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অংশ।

বিকাল ৫টায় তিনি সিলেট শিল্পকলা একাডেমিতে দলীয় জনসভায় বক্তব্য রাখবেন।

আরও পড়ুন: প্রশিক্ষণে অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ১২ বিসিএস কর্মকর্তা

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার সূচনা সিলেট থেকেই করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২১ জানুয়ারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে সেই কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম সিলেট সফর।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়