আজ মহান মে দিবস
ছবি: সংগৃহীত
আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে ১ মে বাংলাদেশসহ বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ বছরের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। দিবসটি উপলক্ষে দেশের সব শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি।
বাণীতে তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শিল্প, কৃষি ও নির্মাণসহ প্রতিটি খাতে তাদের নিরলস পরিশ্রম অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি।
রাষ্ট্রপতি আরও বলেন, শ্রমিকের অধিকার নিশ্চিত, মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখা এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে বাংলাদেশ একটি শ্রমিকবান্ধব ও মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছাবে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। নিয়মিত মজুরি পর্যালোচনার মাধ্যমে ন্যায্য মজুরি এবং নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি আরও জানান, প্রবাসী শ্রমিকদের অর্থনৈতিক সুরক্ষা জোরদারে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, মহান মে দিবস উপলক্ষে ঢাকায় শ্রমিক সমাবেশের আয়োজন করেছে শ্রমিক সংগঠনগুলো। সেখানে প্রথমবারের মতো বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
আরও পড়ুন: ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি
ঐতিহাসিকভাবে, ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা আট ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনে নামেন। পুলিশের গুলিতে বহু শ্রমিক প্রাণ হারান। সেই আত্মত্যাগের মধ্য দিয়েই বিশ্বজুড়ে শ্রমিক অধিকারের আন্দোলন জোরদার হয় এবং পরবর্তীতে দিবসটি আন্তর্জাতিক স্বীকৃতি পায়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








