স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৮, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪২, ১৫ আগস্ট ২০২৬

অর্থের অভাবে কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

অর্থের অভাবে কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

অর্থের অভাবে কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নবনির্মিত ৫০০ শয্যার ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আগামী অক্টোবর মাসে দেশে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করা হবে। অর্থের অভাবে কেউ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে ব্যবস্থা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, এমন একটি চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে চাই, যাতে চিকিৎসার জন্য দেশের মানুষকে বিদেশে যেতে না হয়।

এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতালের নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। পরে মোনাজাতে অংশ নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশে স্নায়ুরোগে আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করতে হাসপাতালটিতে নতুন ৫০০ শয্যা যুক্ত হয়েছে। ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে।

আরও পড়ুন: ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, প্রস্তুত জলকামান

সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।

২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়। রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। এবার নবনির্মিত ১৫ তলা ভবনের মাধ্যমে আরও ৫০০ শয্যা যুক্ত হলো।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়