স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৭, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ১০:৫৭, ১৫ আগস্ট ২০২৬

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, প্রস্তুত জলকামান

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, প্রস্তুত জলকামান

ছবি: সংগৃহীত

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 
শনিবার (১৫ আগস্ট) সকাল পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে ফুল দিতে দেখা যায়নি।

সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথ ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি একটি জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে জলকামানটি রাখা হয়েছে বলে জানা গেছে।

ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যালের পাশে দীর্ঘদিন ধরে কাজ করা জুতা মেরামতকারী সুকুমার বলেন, সকাল থেকে সেখানে কাউকে আসতে দেখেননি। কেউ ফুল দিতেও আসেনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, শনিবার সকাল পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ধানমন্ডি ৩২ নম্বরের পশ্চিম পাশেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান দেখা গেছে। সেখানে র‍্যাবের সদস্যদেরও মোতায়েন থাকতে দেখা যায়।

এদিকে সাধারণ মানুষের চলাচল ও প্রবেশের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এলাকাটিতে সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রিত রয়েছে।

আরও পড়ুন: এক দিন ছুটি নিলেই টানা চার দিনের ছুটি

এবার ১৫ আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যে রয়েছে পুরো এলাকা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়