স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৬, ১৫ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, দেশজুড়ে দোয়া মাহফিল

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, দেশজুড়ে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শনিবার (১৫ আগস্ট)। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। এস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান ছিলেন খালেদা জিয়া। মৃত্যুর পর এবারই প্রথম তার জন্মদিন পালিত হচ্ছে।

জন্মদিন উপলক্ষে এবারও কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন রাখেনি বিএনপি। খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ আগস্ট খালেদা জিয়া স্থায়ীভাবে মুক্তি পান। এর আগে ২০১৬ সাল থেকে বিএনপি ১৫ আগস্টে কেক কেটে জন্মদিন পালনের পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনটি পালন করে আসছে।

দীর্ঘদিন নানা রোগে ভুগে চিকিৎসাধীন থাকার পর খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর মারা যান। পরদিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।

বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা খালেদা জিয়ার রাজনীতিতে আগমন ঘটে ১৯৮১ সালের ৩০ মে স্বামী জিয়াউর রহমান নিহত হওয়ার পর। ১৯৮২ সালের ২ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হন তিনি। পরে দলের ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে চেয়ারপারসনের দায়িত্ব নেন।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া। সব মিলিয়ে তিন দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। পাশাপাশি দুবার সংসদের বিরোধীদলীয় নেতার দায়িত্বও পালন করেন। ১৯৯৩ সালে সার্কের প্রথম নারী চেয়ারপারসন নির্বাচিত হন।

২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেপ্তার করে। ২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত কারাগারে ছিলেন তিনি। কারাবন্দি অবস্থাতেও তার জন্মদিন পালিত হয়।

নির্বাচনী রাজনীতিতেও খালেদা জিয়ার সাফল্য ছিল উল্লেখযোগ্য। পাঁচটি সংসদ নির্বাচনে ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জয় পান তিনি। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত চারটি নির্বাচনে পাঁচটি করে আসনে প্রার্থী হয়ে প্রতিবারই সব আসনে জয়ী হন। ২০০৮ সালের নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনটিতেই বিজয়ী হন।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বিএনপির নেতৃত্বে বর্জন করে দলটি। এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির দুই মামলায় কারাগারে যান খালেদা জিয়া। পরে করোনাভাইরাস মহামারির শুরুতে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি পান তিনি। এরপর গুলশানের বাসভবন ফিরোজায় থেকে চিকিৎসা নেন এবং অসুস্থতার কারণে একাধিকবার হাসপাতালে ভর্তি হন।

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে ঢাকাসহ সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের এসব কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া আজ বিকেলে ঢাকা-১৭ আসনের মহাখালী কড়াইল বস্তি এলাকার টিঅ্যান্ডটি মাঠে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে অনুদান বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।

আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা

বগুড়ার শিবগঞ্জেও খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেড়াবালা গরীবপুর গ্রামের বায়তুল মামুর জামে মসজিদে এ আয়োজন করা হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়