News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৫০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

‘ন্যায়বিচার প্রতিষ্ঠায় স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায় সরকার’

‘ন্যায়বিচার প্রতিষ্ঠায় স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায় সরকার’

ছবি: সংগৃহীত

ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার স্বচ্ছতার ভিত্তিতে বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। 

তিনি বিশ্বাস করেন, কেবল স্বচ্ছতার পথ অনুসরণ করেই বিচার বিভাগের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতে গিয়ে আইনজীবীদের স্বার্থ যেমন দেখতে হয়, তেমনি বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার প্রাপ্তির বিষয়টিও সমানভাবে গুরুত্ব দিতে হয়। একই সঙ্গে বিচার বিভাগের ভালো-মন্দ দেখাও আমাদের নৈতিক দায়িত্ব।

মন্ত্রী আরও উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে, বিচার বিভাগকে তার নিজস্ব গতিতে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান। 

আরও পড়ুন: মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

মন্ত্রী আশা প্রকাশ করেন, বিচারকরাও স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে যাবেন।

আসাদুজ্জামান প্রাতিষ্ঠানিক মর্যাদা ও সংস্থার প্রতি শ্রদ্ধার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, আমরা যে প্রতিষ্ঠানে কাজ করি, সেই প্রতিষ্ঠানকে যদি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন না করি, তবে তা একসময় ধ্বংসের পথে চলে যায়।

ইফতার মাহফিলে অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী হোসাইনের সভাপতিত্বে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব শেখ আশফাকুর রহমান বক্তব্য রাখেন।

ইফতার শেষে আইনমন্ত্রী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন, যেখানে বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিষয় ও বিচার বিভাগের উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়